হুন্ডির সঙ্গে পারি না, রিজার্ভ নিয়ে বাড়াবাড়ি করি না: পরিকল্পনামন্ত্রী
আপডেট: ২০২৩-০৫-১৬ ০৭:৪২:২৩
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন হুন্ডির সঙ্গে পারি না। হুন্ডি নিয়ন্ত্রণে আমাদের চাপ অব্যাহত থাকবে। এছাড়া আমরা রিজার্ভ নিয়ে বাড়াবাড়ি করি না। কারণ ৫ থেকে ৭ বছর আগে আমি নিজেও রিজার্ভ সম্পর্কে জানতামই না। ইদানিং যেহেতু রিজার্ভের পরিমাণটা বেড়ে গিয়েছিল সেজন্য সবার চোখে পড়েছে।
পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা কোনোভাবেই মানতে চাই না রিজার্ভ কমবে। এটা চলমান প্রথা। রিজার্ভ বাড়বে, কমবে এটাই স্বাভাবিক। আগে তো কেউ খবরও রাখত না। এখন যেই রিজার্ভ আছে সেটা মন্দ নয়। আমাদের বর্তমানে ৪ থেকে পাঁচ মাসের আমদানি-রপ্তানির টাকা রিজার্ভে আছে।
সোমবার (১৫ মে) বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ও নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ সকালে ‘আইএমএফের সময়কালে অসুবিধাগ্রস্ত মানুষের কথা জাতীয় বাজেটে কীভাবে প্রতিফলিত হতে পারে’ শীর্ষক এ সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে সভাপতিত্ব করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল।
পরিকল্পনামন্ত্রী বলেন, সাদাকে সাদা, কালোকে কালো বলাই ভালো। আসল কথা হচ্ছে দরিদ্ররা বঞ্চিত। তারা কীভাবে বঞ্চিত হয় আমি দেখেছি। পদ্ধতিগত কারণে তারা বঞ্চিত। সরকারি বরাদ্দ সব সময় তাদের কাছে পৌঁছায় না। আইএমএফ এখানে কোনো ফ্যাক্টর নয় এবং আমরা আইএমএফের ওপর নির্ভরশীল নই। “মিশন আসবে মিশন আসবে” বলে এত কথা বলারও কিছু নেই। অনেকে আবার বলেন দাতাগোষ্ঠী। কিসের দাতাগোষ্ঠী? ঋণ করে অর্থ এনে সুদাসলে ফেরত দিই।
এম এ মান্নান বলেন, আইএমএফ কোনো শর্ত দেয়নি, যা দিয়েছে তা শর্ত নয়। এগুলোকে শর্ত বলা ঠিক নয়। বলা যেতে পারে রিকয়ারমেন্ট। দেশে মূল্যস্ফীতির চাপ আছে। গত মাসে সামান্য একটু কমেছে, মন্দের ভালো। মজুরিও একটু বেড়েছে।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














