গণভবনে আজমত উল্লাহ, টুঙ্গিপাড়ায় জাহাঙ্গীর

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৫-২৮ ১৯:২৯:৩৬


প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগের পরাজিত প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আজমত উল্লা খান।

রোববার (২৮ মে) দুপুরে গণভবনে সাক্ষাতের সময় আজমত উল্লা তার লেখা দুটি বই ‘বঙ্গবন্ধুর নেতৃত্বগুণ আদর্শ ব্যক্তি ও জাতি গঠনে অনুকরণীয় দৃষ্টান্ত’ ও ‘রাজনীতির মহাকবি স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

‘রাজনীতির মহাকবি স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ বইটিতে বঙ্গবন্ধুর বংশপরিচয়, কেন তিনি জাতির পিতা, বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা, বঙ্গবন্ধুর ইসলামি মূল্যবোধ ও চেতনা, রাষ্ট্রভাষা আন্দোলন থেকে স্বাধীনতা আন্দোলনে শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবের রাজনৈতিক সংগ্রাম, শেখ মুজিব ঘোষিত ৬ দফা আন্দোলন, আগরতলা ষড়যন্ত্র মামলা ও শেখ মুজিবের রাজনৈতিক দূরদর্শিতা, ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা অর্জন, বঙ্গবন্ধুর ডাকে অসহযোগ আন্দোলনে গাজীপুরসহ শিল্পনগরী টঙ্গীবাসীর ভূমিকা, বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন মুজিবনগর সরকার ও বাঙালির মুক্তি সংগ্রাম, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়।

‘বঙ্গবন্ধুর নেতৃত্বগুণ আদর্শ ব্যক্তি ও জাতি গঠনে অনুসরণীয় দৃষ্টান্ত’ বইটিতে বঙ্গবন্ধু: নেতা ও নেতৃত্বগুণের জীবন্ত কিংবদন্তি ব্যক্তিত্ব, শেখ মুজিবুর রহমানের দায়িত্ববোধ ও সংগ্রাম, সাংগঠনিক দক্ষতা, বঙ্গবন্ধুর নেতৃত্বগুণ থেকে রাজনৈতিক শিষ্টাচার ও শিক্ষা, শেখ মুজিবুর রহমানের সহনশীলতা ও দক্ষতা, বঙ্গবন্ধুর নেতৃত্বগুণের পরিচয় ও জাতি গঠনের প্রেরণা, বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ, রাজনৈতিক দূরদর্শিতা ও জাতীয় নেতৃত্বের প্রতীক, ৭ মার্চের পরবর্তী ঘটনাপ্রবাহ, বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার প্রস্তুতি, ২৫ মার্চের মধ্যরাতেই বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা নিয়ে আলোচনার পাশাপাশি বঙ্গবন্ধুর সম্পর্কে বিশ্বের বিখ্যাত ব্যক্তিদের উক্তি তুলে ধরা হয়।

এদিকে, একইদিন দুপুর ১২টায় গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও মা জায়েদা খাতুনকে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।

এসময় তাঁরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর বলেন, আমি এবং আমার মা জন্মগতভাবে আওয়ামী লীগ। আওয়ামী লীগের কর্মী হিসেবেই আছি। অন্যরা কি বলল তাতে কিছুই যায় আসে না। বহিষ্কারের বিষয়টি আমার নয়, এটি দলের বিষয়। দল যা ভালো বুঝবে সেটাই করবে।

জাহাঙ্গীর আলম বলেন, মা মেয়র নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন। নির্বাচনের মনোনয়ন ফরম কেনার পর আমি এসেছিলাম। সে সময় আমি শ্রদ্ধা শেষে দোয়া নিয়েছিলাম। আজ মাও শ্রদ্ধা জানিয়ে দোয়া নিয়ে গেলেন। আমরা মহান নেতা বঙ্গবন্ধুর কাছে এসেছি। নেত্রীর (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) বাড়িতে এসেছি। প্রধানমন্ত্রীর কাছে আমরা সহযোগিতা চাই।

এসময় গাজীপুরের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন বলেন, নগরীর উন্নয়নে কাজ করবেন তিনি। এজন্য গাজীপুর সিটি কর্পোরেশনের উন্নয়নে সকলের সহযোগিতা নিবো। সকলের সাথেই মিলেমিশে, সহযোগিতা নিয়ে উন্নয়নের কাজ করবো। উন্নয়নের কাজে আমার ছেলে জাহাঙ্গীরও সাথে থাকবে।

এএ