সংকট সমাধানে দিন-রাত কাজ করছে সরকার: কাদের
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৬-০৪ ১৬:৩৩:২৪
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমানে দ্রব্যমূল্যের উর্ধগতি আর লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কষ্ট পাচ্ছেন। এসব সংকট সমাধানে আওয়ামী লীগ সরকার দিন-রাত কাজ করছে। মানুষকে ভালো রাখতে শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।
রোববার (৪ জুন) আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুল জলিলের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিদেশিদের কাছে রোজ রোজ নালিশ করা ছাড়া বিএনপির আর কোনো কাজ নেই।
তিনি বলেন, মিথ্যাচার বিএনপির একমাত্র সম্বল। ক্ষমতার ময়ূর সিংহাসন ফিরে পেতে মির্জা ফখরুল দিবাস্বপ্ন দেখা শুরু করেছেন। কিন্তু তাতে কোনো লাভ হবে না।
তিনি বলেন, আগামী নির্বাচন যথাসময়ে সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে। সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। নির্বাচন কমিশন নির্বাচন করার দায়িত্ব পালন করবে।
স্মরণ সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, নওগাঁ জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারসহ স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এর আগে জেলা সদরের সরিষাহাটির মোড়ে নওগাঁ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














