রুপনসহ বিএনপির ১৯ নেতাকে আজীবন বহিষ্কার
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৬-০৪ ১৭:১৩:৫৪
দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেয়ায় স্বতন্ত্র মেয়র প্রার্থী ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা কামরুল আহসান রুপনকে ‘মীরজাফর’ আখ্যা দিয়ে দল থেকে আজীবন বহিষ্কার করেছে বিএনপি। পাশাপাশি কাউন্সিলর পদপ্রার্থী ১৮ বিএনপি নেতাকেও বহিষ্কার করেছে কেন্দ্র।
রোববার (৪ জুন) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
কামরুল আহসান রুপনকে দেয়া চিঠিতে উল্লেখ করা হয়, ১২ জুন অনুষ্ঠিতব্য বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে দলীয় সিদ্ধান্ত ভঙ্গ করে অংশগ্রহণ করায় ২ জুন কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় রুপনকে আজীবন বহিষ্কারের সিদ্ধান্তের পাশাপাশি তাকে ‘মীরজাফর’ আখ্যা দেয়া হয়। এছাড়া ১৮ বিএনপি নেতা কাউন্সিলর প্রার্থী নির্বাচনে অংশ নেয়ায় তাদেরও কারণ দর্শানোর নোটিশ দেয় কেন্দ্রীয় বিএনপি। অনেকের জবাব সন্তোষজনক না হওয়া বা জবাব না দেয়ায় তাদের আজীবন বহিষ্কার করা হয়।
এর আগে মহানগর বিএনপি ১৯ বিএনপি নেতাকে বহিষ্কারের সুপারিশ করেছিল কেন্দ্র বিএনপির কাছে।
বিএনপি থেকে আজীবন বহিষ্কৃত কাউন্সিলর প্রার্থীরা হলেন, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির তিন যুগ্মআহ্বায়ক ৬ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী হাবিবুর রহমান টিপু, ৯ নম্বর ওয়ার্ডের হারুন অর রশিদ ও ১৯ নং ওয়ার্ডের শাহ আমিনুল ইসলাম আমিন। এছাড়া নির্বাচনে থাকা মহানগর বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ৯ নম্বর ওয়ার্ডের সেলিম হাওলাদার, সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ড থেকে জাহানারা বেগম, ৮ নম্বর ওয়ার্ড থেকে সেলিনা বেগম এবং ১০ নম্বর ওয়ার্ড থেকে অংশ নেয়া রাশিদা পারভীন। নগরীর ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব জিয়াউল হক মাসুম, একই ওয়ার্ডের প্রার্থী দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জাবের আব্দুল্লাহ সাদি, একই ওয়ার্ডের প্রার্থী বরিশাল জেলা তাতি দলের সাবেক সভাপতি কাজী মোহাম্মদ শাহীন, ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, নগরীর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সভাপতি হাবিবুর রহমান ফারুক, ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি সৈয়দ হুমায়ন কবির লিংকু, ১৫ নম্বর ওয়ার্ড থেকে মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি সিদ্দিকুর রহমান, ২২ নম্বর ওয়ার্ড মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক জেসমিন সামাদ, ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও মহানগরের সাবেক সহসভাপতি ফিরোজ আহম্মেদ, ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফরিদউদ্দিন হাওলাদার এবং ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ন কবির।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














