সংলাপের কথা বলে আন্দোলনকে ডাইভার্ট করতে চায় সরকার: মির্জা ফখরুল
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৬-০৮ ১৪:৩৪:৩৭
সংলাপের কথা বলে সরকার মানুষকে এবং আন্দোলনকে ডাইভার্ট করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমীর হোসেন আমু কে? আওয়ামী লীগের কি? প্রেসিডিয়াম সদস্যও না। একজন উপদেষ্টা মন্ডলীর সদস্য। আবার স্বরাষ্ট্রমন্ত্রীও সংলাপের কথা বলে।
বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এর আয়োজনে “বাংলাদেশে গণতন্ত্রের সংকট উত্তরণ প্রয়াসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা: একটি পর্যালোচনা”- শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, সংলাপের বক্তব্যের উদ্দেশ্য হলো আমাদের মূল দাবিতে থেকে মনোযোগ ভিন্নখাতে নিয়ে যাওয়া, আর বিদ্যুতের সমস্যার বিষয়টিকে দামাচাপা দেয়া।
তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদনের ফুলঝুরি করে এখন বিদ্যুৎ দিতে পারছে না, আমরা বিদ্যুৎতের দাম দিচ্ছি কিন্তু সেই টাকা গেলো কই? আজকে বিদুৎ নাই, ডলার নাই।
মির্জা ফখরুল বলেন, “এদেশের মানুষ যেটা চায়, আওয়ামী লীগ তার উল্টোটা চায়। তাদের ভাষা কর্মকাণ্ড হিংসাত্মক, আক্রমণাত্নক এবং সহিংস। আওয়ামী লীগ আর গণতন্ত্র একসাথে যায় না।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, অধ্যাপক মোর্শেদ হাসান খান, কাদের গণি চৌধুরী, অধ্যাপক নুরুল আমীন বেপারী, অধ্যাপক কামরুল আহসান, অধ্যাপক নুরুল ইসলাম, অধ্যাপক শামছুল হক সেলিম, অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক লুৎফর রহমানসহ আরো অনেকে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














