সাবরাং ট্যুরিজম পার্কে ৩৩ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে সাউথ বেঙ্গল ট্রেডিং
সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৬-১৩ ২০:৩৭:৪৪
সাবরাং ট্যুরিজম পার্কে জমি বরাদ্দে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ এবং সাউথ বেঙ্গল ইন্টারন্যাশনাল ট্রেডিং-এর মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তি অনুযায়ী সাউথ বেঙ্গল ইন্টারন্যাশনাল ট্রেডিং সাবরাং ট্যুরিজম পার্কে ২ একর জমির বরাদ্দ পেয়েছে।
বিনিয়োগ প্রস্তাব অনুযায়ী প্রায় ৩৩ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে হোটেল ও রিসোর্ট নির্মাণ করবে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে প্রায় ৩০০ মানুষের কর্মসংস্থান হবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সাউথ বেঙ্গল ইন্টারন্যাশনাল ট্রেডিং সাউথ বেঙ্গল গ্রুপ-এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। গ্রুপের অন্যান্য ব্যবসায়িক কার্যক্রমের মধ্যে রয়েছে রিয়েল এস্টেট, গার্মেন্টস, ট্রেডিং, ট্যুরস এন্ড ট্রাভেলস ইত্যাদি।
মঙ্গলবার (১৩ জুন) বেজার পক্ষে জমি বরাদ্দ চুক্তি স্বাক্ষর করেন বেজার নির্বাহী সদস্য (বিনিয়োগ উন্নয়ন) ও সরকারের অতিরিক্ত সচিব মোঃ মজিবর রহমান এবং সাউথ বেঙ্গল ইন্টারন্যাশনাল ট্রেডিং-এর চেয়ারম্যান মোহাম্মদ আলী আশরাফ চুক্তি স্বাক্ষর করেন।
উপস্থিত বিনিয়োগকারীকে চুক্তি স্বাক্ষরের জন্য অভিনন্দন জানিয়ে বেজার নির্বাহী সদস্য বলেন, বেজা বাংলাদেশে বিনিয়োগ-বান্ধব সুস্থ পরিবেশ গড়ে তুলতে সমর্থ হয়েছে। তিনি আরো বলেন, সাবরাং ট্যুরিজম পার্কটিকে একটি বিশ্বমানের পর্যটন কেন্দ্র স্থাপনের জন্য বেজা ইতোমধ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। তিনি বলেন, সরকারের আন্তরিক সহযোগিতা পেলে অচিরেই সাবরাং ট্যুরিজম পার্ক পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে।
সাউথ বেঙ্গল ইন্টারন্যাশনাল ট্রেডিং-এর চেয়ারম্যান এ চুক্তি স্বাক্ষরে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন তারা তাদের হোটেল স্থাপনের দ্রুত শুরু করবেন বলে আশা করছেন। পর্যটন শিল্পের বিকাশে এবং দেশে আন্তর্জাতিক মানের বিনোদন কেন্দ্র নির্মাণে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের ট্যুরিজম পার্ক নির্মাণের উদ্যোগকে তিনি সাধুবাদ জানান। তিনি বলেন সুদীর্ঘ বালুকাময় সৈকতে অবস্থিত সাবরাং-এর মত নয়নাভিরাম স্থানে পর্যটনের বিকাশে তার প্রতিষ্ঠান কাজ করতে চায়।
সাবরাং ট্যুরিজম পার্ক বাংলাদেশের সর্ব দক্ষিণে টেকনাফ উপজেলার সাগর তীরে অবস্থিত। এ ট্যুরিজম পার্কে মোট জমির পরিমাণ ৯০০ একরের বেশি এবং এর মাস্টারপ্ল্যান মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন করেন। পাহাড় ও সাগরের বৈচিত্র্যময় দৃশ্য, সুদীর্ঘ বালুকাময় সৈকত এ স্থানকে সৌন্দর্যের লীলাভূমিতে পরিণত করেছে। সাবরাং ট্যুরিজম পার্ক হবে বাংলাদেশের ট্যুরিজম ও বিনোদনের আকর্ষণীয় ও কাঙ্ক্ষিত স্থান। সাবরাং ট্যুরিজম পার্কটি সফলভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশের ট্যুরিজম খাতে এক নতুন দিগন্ত উন্মোচন হবে এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৩৫,০০০ লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। দেশি বিদেশি পর্যটকের পাশাপাশি স্থানীয় পর্যটকদের ট্যুরিজম পার্কে আরও বেশি আকৃষ্ট করার লক্ষ্যে মাস্টারপ্ল্যানে পার্কের বিভিন্ন স্থানে ফুড কর্নার, সমুদ্র তীরে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য উন্মুক্ত মঞ্চ, পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রকৃতি প্রেমিকদের জন্য রিজার্ভ ফরেষ্ট, বিনোদন কেন্দ্র, দেশীয় পণ্যের স্টল প্রর্দশনের স্থান, শিশুদের খেলার পার্ক, আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড, বোটানিক্যাল গার্ডেন ও এ্যাকুয়ারিয়াম ইত্যাদি প্রস্তাব করা হয়েছে।
উল্লিখিত প্রতিষ্ঠানসহ এ পর্যন্ত এখানে ২১টি প্রতিষ্ঠানকে ট্যুরিজম খাতে জমি বরাদ্দ প্রদান করা হয়েছে, যাদের প্রস্তাবিত বিনিয়োগ প্রায় ৪০০ মিলিয়ন মার্কিন ডলার।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














