বাংলাদেশে বড় আকারে বিনিয়োগ করবে চীনের ফুজিয়ান
সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৬-১৪ ২০:১২:১৭
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ এবং চীনের ফুজিয়ান মেংবা ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে মোট ২০ একর জমি বরাদ্দে চুক্তি স্বাক্ষর হয়েছে।
চীনের ফুজিয়ান মেংবা ইনভেস্টমেন্ট স্টিল কনস্ট্রাকশন উপাদান বা নির্মাণ শিল্পের জন্য প্রয়োজনীয় সামগ্রী প্রস্তুত করে থাকে, যার মধ্যে রয়েছে সেতুর জন্য স্টিল স্ট্রাকচার, বিম, স্টি ট্রাস, টিউব ট্রাস, বক্স কলাম, মডুলার হাউস, এইচ-বিম ইত্যাদি।
বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে প্রতিষ্ঠানটি প্রায় ৪৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে এম এস রড, এঙ্গেল, চ্যানেলসহ নির্মাণ সামগ্রী প্রস্তুত করবে। এতে ১৩৫০ জনের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা যাচ্ছে।
বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন বিনিয়োগকারীকে চুক্তি স্বাক্ষরের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, বেজা বাংলাদেশে বিনিয়োগ-বান্ধব সুস্থ পরিবেশ গড়ে তুলতে সমর্থ হয়েছে।
তিনি উল্লেখ করেন, মিরসরাইতে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ অর্থনৈতিক অঞ্চল ও শিল্প নগর নির্মিত হচ্ছে। এর ফলে এদেশে শিল্পায়নের অভূতপূর্ব বিপ্লব সাধিত হবে এবং জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধির পাশাপাশি টেকসই উন্নয়নের লক্ষ্যসমূহ পূরণ হবে। এছাড়াও দেশী ও বিদেশী প্রযুক্তির মেলবন্ধনের ফলে দক্ষ এবং কারিগরী অভিজ্ঞতাসম্পন্ন জনগোষ্ঠী সৃষ্টি হবে। তিনি বলেন, ওয়ান স্টপ সার্ভিস সেন্টার স্থাপনের মাধ্যমে বিনিয়োগকারীদের অনলাইনে সেবা প্রদান নিশ্চিত করা হচ্ছে।
তিনি উল্লেখ করেন, বিরানভূমি আজ শিল্পের পদচারণায় সমৃদ্ধ হয়ে উঠছে, সেই সাথে দ্রুত শিল্প স্থাপনের জন্য গ্যাস, বিদ্যুৎসহ সকল সেবা প্রদানের প্রয়োজনীয় কার্যক্রম বেজা সাধ্যমত সম্পন্ন করছে। বঙ্গবন্ধু শিল্প নগরের বাকী উন্নয়ন কার্যক্রম দ্রুত সমাপ্ত করণে তিনি সরকারের সংশ্লিষ্ট সকল বিভাগের সহযোগিতা কামনা করেন।
বেজার পক্ষে চুক্তি স্বাক্ষর করেন নির্বাহী সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মোঃ মজিবর রহমান এবং ফুজিয়ান মেংবা ইনভেস্টমেন্ট কোম্পানির পক্ষে মিঃ ওয়াং ইউয়ান ইয়াও চুক্তি স্বাক্ষর করেন।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














