রপ্তানি আয়ে ডলারের দাম বাড়ল
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৬-২৬ ১৯:৫৪:২১
রপ্তানি আয়ে ডলারের দাম ৫০ পয়সা বাড়িয়ে ১০৭ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে। তবে রেমিট্যান্সের ডলারের রেট ১০৮ টাকা ৫০ পয়সায় অপরিবর্তিত রয়েছে। সঙ্গে আড়াই শতাংশ প্রণোদনাসহ বর্তমানে প্রতি ডলার প্রবাসী আয়ে ১১১ টাকা মিলছে। এছাড়া আন্তঃব্যাংক দর হবে সর্বোচ্চ ১০৯ টাকা।
সোমবার (২৬ জুন) ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন বাফেদার চেয়ারম্যান, সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মো. আফজাল করিম, এবিবির চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সেলিম আর এফ হোসেনসহ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা।
বৈঠক প্রসঙ্গে এবিবির চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন জানান, এবিবি ও বাফেদা যৌথ সভায় রপ্তানি আয়ে ডলারের দাম ৫০ পয়সা বাড়ানো হয়েছে। জুলাই থেকে রপ্তানির বিপরীতে ১০৭ টাকা ৫০ পয়সা দেবে ব্যাংকগুলো।
তিনি আরও জানান, আমরা রপ্তানি ও রেমিট্যান্সের রেট এক করার জন্য কাজ করছি। এজন্য রেমিট্যান্সের সঙ্গে সমন্বয় করতে রপ্তানি আয়ের রেট বাড়ানো হয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














