জুলাইয়ে মূল্যস্ফীতি সামান্য কমেছে
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৮-০৬ ২১:০৯:৪২
চলতি বছরের জুলাইয়ে দেশের সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমেছে। তবে, খাদ্য মূল্যস্ফীতি সামান্য বেড়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, জুলাই মাসে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৬৯ শতাংশ। এর আগের মাসে এই হার ছিল ৯ দশমিক ৭৪।
রোববার (৬ আগস্ট) বিবিএস মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। জুলাই মাসে ৯ দশমিক ৬৯ শতাংশ মূল্যস্ফীতি থাকার কারণে উঁচু মূল্যস্ফীতি নিয়েই অর্থবছর শুরু হলো।
গত ২০২২-২৩ অর্থবছরের গড় মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ০২ শতাংশ, যা বছরওয়ারি হিসাবে এক যুগের মধ্যে সর্বোচ্চ।
বিবিএসের হালনাগাদ তথ্যে দেখা গেছে, গত জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৭৬ শতাংশ। আগের মাস, অর্থাৎ জুনে এ হার ছিল ৯ দশমিক ৭৩। এর মানে, জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে।
অন্যদিকে এ মাসে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৪৭ শতাংশ। জুন মাসে ছিল ৯ দশমিক ৬০ শতাংশ। এ ছাড়া গ্রামে এখন সার্বিক মূল্যস্ফীতি ৯ দশমিক ৭৫ শতাংশ, শহরে এই হার ৯ দশমিক ৪৩।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














