দেশের মানুষ ঐক্যবদ্ধ, তারা ভোটাধিকার প্রতিষ্ঠা করবে: মির্জা ফখরুল
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৮-১১ ১৭:২৪:১১
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের ১৮ কোটি মানুষ আজ ঐক্যবদ্ধ। তারা গণতন্ত্র পুনরুদ্ধার করে তাদের ভোটাধিকার প্রতিষ্ঠা করবে। এইবারের লড়াই জীবনপণ লড়াই। কোনো ভাবেই আমাদেরকে আটকানো যাবে না।
শুক্রবার (১১ আগস্ট) বিকেলে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজিত গণমিছিলের পূর্বে বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল।
গণমিছিলে অংশ নিতে আসা নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, একটাই দাবি, দাবি কি? তখন তিনি নেতাকর্মীদের সাথে বলেন, হাসিনার পদত্যাগ।
মির্জা ফখরুল বলেন, ১৪’ ও ১৮’ সালের মতো নির্বাচন করে পার পেতে চায় আওয়ামী লীগ। দেশের জনগণ কি সেটা হতে দিবে? নেতাকর্মীরা বলেন, না।
শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, এই নির্বাচন কমিশন ভেঙে দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে।
মানে মানে কেটে পরুন, পদত্যাগ করুন, সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি বলেন, নাহলে আমাদের নেতাও বলেছেন ফয়সালা হবে রাজপথে। এইবারে লড়াই গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই, খালেদা জিয়াকে মুক্ত করার লড়াই।
সরকারকে উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব বলেন, আমরা নতুন যুদ্ধে নতুন লড়াই শুরু করেছি। মিছিলের মাধ্যমে জানিয়ে দিতে চাই তোমাদের দিন শেষ। মানে মানে পদত্যাগ কর।
তিনি বলেন, আওয়ামী লীগ আমাদের স্বাধীনতার সমস্ত অর্জনকে ধ্বংস করে দিয়েছে। দেশের গণতন্ত্র, অর্থনীতি, শিক্ষাপ্রতিষ্ঠান সবকিছু ধ্বংস করে দিয়েছে। সবচেয়ে বেশি ধ্বংস করেছে দেশের বিচার ব্যবস্থা।
তিনি বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না উল্লেখ করে বলেন, সংসদ ভেঙে পদত্যাগ করে সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। নতুন নির্বাচন কমিশন গঠন করে তাদের অধীনে নির্বাচন হবে।
তিনি নির্বাচন কমিশন কর্তৃক দুইটা নতুন দলকে নিবন্ধন দেওয়ার প্রসঙ্গ উত্থাপন করে বলেন, কেউ এই দুই দলকে চেনে না। এদের দিয়ে সরকার নির্বাচন-নির্বাচন খেলা খেলতে চায়। এবার এ খেলা খেলতে দেওয়া হবে না বলেও সরকারকে হুঁশিয়ার করে দেন তিনি।
মির্জা ফখরুল বলেন, এবারের লড়াই হচ্ছে জীবন মরণ লড়াই। কোনো ভয় দিতে আমাদের দমিয়ে রাখতে পারবে না।
এতে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান। সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হকসহ দলের অঙ্গ সংগঠেনের নেতৃবৃন্দ।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














