দেশের উন্নয়নের ভিত গড়েছিলেন বঙ্গবন্ধু: ড. খলীকুজ্জমান

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৮-১৩ ২০:১৯:৩৩


বিশিষ্ট অর্থনীতিবিদ এবং উন্নয়ন চিন্তাবিদ ড. কাজী খলীকুজ্জামান আহমদ বলেছেন, স্বাধীন বাংলাদেশের প্রথম সাড়ে তিন বছরের মত বঙ্গবন্ধু রাষ্ট্রক্ষমতায় ছিলেন। ওই স্বল্প সময়ে তিনি শক্ত হাতে এবং দূরদর্শিতার সঙ্গে নেতৃত্ব দিয়ে যুদ্ধবিধ্বস্ত দেশটির শুধু পুনরুদ্ধার নয়, উন্নয়ন এবং পুনর্জাগরণেরও ভিত গড়ে তুলেছিলেন। তার উন্নয়ন দর্শন ছিল মানবকেন্দ্রিকতা। অর্থাৎ উন্নয়ন হতে হবে মানুষকে কেন্দ্র করে, মানুষের দুঃখ লাঘবে এবং মানুষের কল্যাণে।

তিনি বলেন, দুখী মানুষের মুখে হাসি ফোটানোই বঙ্গবন্ধুর বিভিন্ন লেখা ও ভাষণে যেমন রয়েছে, তেমনই বিম্বিত আছে দেশ গড়ার লক্ষ্যে তিনি যেসব নীতি এবং পদক্ষেপ গ্রহণ করেছিলেন সেগুলোর মধ্যেও।

রোববার (১৩ আগস্ট) ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ)-এর ম্যানেজমেন্ট অফিসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. খলীকুজ্জমান বলেন, বঙ্গবন্ধু জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ অন্যান্য বিভিন্ন খাতেও পুনর্গঠন, গঠন বা উন্নয়নের নিমিত্তে কার্যকর পদক্ষেপ নিয়েছিলেন। সেগুলোর মধ্যে রয়েছে- শিক্ষা, স্বাস্থ্যসেবা, শিশু ও নারী উন্নয়ন, পরিবেশ, মহাকাশ গবেষণা এবং সমুদ্র অধিকার সংক্রান্ত আইন। প্রথমেই যেটা প্রয়োজন ছিল তা হলো রাষ্ট্রের গঠন ও পরিচালনা সংক্রান্ত মূল নীতিকাঠামো অর্থাৎ সংবিধান। এদিকে তিনি রাতারাতি নজর দেন এবং বিজয়ের মাত্র ১০ মাস ১৯ দিনের মাথায় জাতিকে একটি স্বাধীনতার চেতনাভিত্তিক মানবকেন্দ্রিক অসাধারণ সংবিধান উপহার দেন।

সভার শুরুতে আয়োজনটির আহ্বায়ক এ. কে. এম. নুরুল ফজল বুলবুল প্রারম্ভিক আলোচনা করেন। এরপর বঙ্গবন্ধুর জীবনী নিয়ে তথ্যবহুল প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে অতিথিরা আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথির তথ্যবহুল আলোচনা সবার হৃদয় স্পর্শ করে যায়।

এসময় ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের সার্বিক অবস্থার কথা তুলে ধরে বঙ্গবন্ধুর জীবনের আদর্শ এবং স্বপ্নের আঙ্গিকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

তিনি বলেন, দেশকে সামনে এগিয়ে নেওয়া প্রধানমন্ত্রীর একার পক্ষে সম্ভব নয়। দেশের সরকারি কর্মকর্তা থেকে শুরু করে সবাই যখন দুর্নীতিমুক্ত হবে তখনই দেশ এগিয়ে যাবে।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব এবং ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের (সিএমএসএফ) চেয়ারম্যান মো. নজিবুর রহমান। আয়োজনের আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন এ. কে. এম. নুরুল ফজল বুলবুল, বিওজি, ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ)।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোর্ড অব গভর্নরস (বিএজি) সদস্য এবং সিএমএসএফ-এর ব্যবস্থাপনা কমিটির সদস্য, বিএসইসি, ডিএসই, সিএসই, সিডিবিএল, বিএসএম, বিআইসিএম-এর কর্মকর্তারা।

সভাপতির বক্তব্যে নজিবুর রহমান বঙ্গবন্ধু এবং তার নিহত পরিবারবর্গের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। পরে ১৫ আগস্টে নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি দেশের উন্নয়নযাত্রা অব্যাহত রাখতেও দোয়া করা হয়।

এএ