সাঈদীকে নিয়ে ভিডিও

গণঅধিকার পরিষদের নেতা মশিউর গ্রেপ্তার

আপডেট: ২০২৩-০৮-১৭ ০৯:২৮:৫২


গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম সদস্য সচিব মশিউর রহমানকে হাতিরঝিল থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

বুধবার (১৬ আগস্ট) বিকালে রাজধানীর হাতিরঝিল এলাকার মহানগর প্রজেক্টের ২ নম্বর গেইট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি সত্যতা স্বীকার করেছেন গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগের উপ কমিশনার রাজিব আল মাসুদ।

তিনি বলেন, মশিউরের বিরুদ্ধে অনেকগুলো মামলা রয়েছে। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা জানাতে অস্বীকৃতি জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা। তবে এ বিষয় বৃহস্পতিবার (১৭ আগস্ট) বলা যাবে বলে গণমাধ্যমকে জানান তিনি।

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, আমরা বর্তমানে রাজনীতিতে সক্রিয় রয়েছি। আমাদের তরুণ নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক একটিভ। তাদের ভিডিও সাধারণ মানুষ দেখেন এবং পছন্দ করেন। যেটা সরকারের জন্য ভীতির কারণ বলে মনে হয়। আমাদের নেতাকর্মী থেকে শুরু করে প্রত্যেককেই ম্যাসেজ পাঠিয়ে বিভিন্ন মাধ্যমে হুমকি প্রদান করা হচ্ছে। বলা হয়েছে আমাদেরকে ছাড় দেয়া হবে না। সাঈদীকে ইস্যু করে তারই অংশ হিসেবে মশিউরসহ আমাদের নেতাকর্মীদের ধরপাকড় করা হচ্ছে।

এম জি