বিদেশিদের পদলেহন করেও বিএনপির আন্দোলনের বেলুন ফুলছে না: তথ্যমন্ত্রী
প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৮-১৭ ২১:৫৯:০৪
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে লবিস্ট নিয়োগ করে, প্রতিদিন বিভিন্ন দেশের অ্যাম্বাসিতে ধরনা দিয়ে, পদলেহন করেও বিএনপির আন্দোলনের বেলুন আর ফুলছে না। তাই এখন পদযাত্রা কর্মসূচী, লিফলেট বিতরণের মতো কর্মসূচীতে আটকে গেছে দলটি।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকালে চট্টগ্রাম মহানগরীর এলজিইডি মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি বিদেশী বেনিয়াদের হাতে দেশ তুলে দিয়ে ক্ষমতায় যেতে চায়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আসুক বা না আসুক জনগণের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। আর টানা চতুর্থবারের মতো আওয়ামীলীগ সরকার গঠন করবে।
তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার মূল কুশীলবদের মুখোশ উন্মোচন করতে কমিশন গঠন করা হবে। ১৯৭৫ সালে কিছু বিপথগামী সেনা সদস্যরা বঙ্গবন্ধুকে হত্যা করেছিলেন তা নয়, এর পেছনে ছিলো দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র। বঙ্গবন্ধু হত্যার মূল কুশীলব ছিলেন খন্দকার মোশতাক ও মেজর জিয়াউর রহমান। বঙ্গবন্ধু হত্যাকান্ডের বিচার হলেও যারা এ হত্যাকান্ডের নেপথ্যে ছিলেন তাদের বিচার হয়নি। তাই কমিশন গঠন করে এই হত্যাকান্ডের কুশীলবদের বিচার করা হবে।
আলোচনা সভায় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালামসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














