ভয় না করে মহাসমাবেশে যোগদান করতে জামায়াত আমীরের আহ্বান
সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-১০-২৮ ১০:১৯:৩৮
কোনো মানুষকে ভয় না করে শুধুমাত্র আল্লাহকে ভয় করে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে জামায়াত ঘোষিত মহাসমাবেশে দলে দলে যোগদান করে সর্বাত্মকভাবে সফল করে তোলার জন্য সংগঠনের সকল জনশক্তি এবং দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। শনিবার (২৮ অক্টোবর) জামায়াত ইসলামীর অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
এদিকে, জামায়াতের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করতে সকাল ৯টার দিকে দলটির কিছু সংখ্যক নেতাকর্মী জড়ো হন শাপলা চত্বরের দক্ষিণ পাশে। এসময় পুলিশ দলটির নেতাকর্মীদের সরিয়ে দেয়। তারা একটু দূরে গলিতে অবস্থান নেন। তবে কোনো পক্ষই মারমুখী আচরণ করেনি। বেশ শান্তিপূর্ণভাবেই মূল সড়ক থেকে সরিয়ে দেওয়া হয় জামায়াতের নেতাকর্মীদের।
জামায়াতের নেতাকর্মীরা বলেন, স্বাধীন দেশে সবাই সমাবেশ করবে। আমরাও সাংবিধানিকভাবে সমাবেশের অধিকার রাখি। এসময় দলটির আরও সমর্থকদের জড়ো হতে দেখা যায়।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এডিসি রাশেদ বলেন, ‘মতিঝিল ও আশপাশে কোনো ব্যক্তি থাকবে না। একটি পাখিও থাকতে পারবে না।’ এরপর সবাইকে মূল সড়ক থেকে সরিয়ে দেন তিনি।
তবে, শাপলা চত্বর এলাকার আশপাশের গলিতে জামায়াত সমর্থকদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। পরিস্থিতি সামাল দিতে পুরো এলাকা ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশ। ওই এলাকায় পুলিশ ও আনসার সদস্যদের উপস্থিতিও চোখে পড়ার মতো।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














