নেতাদের স্বজনদের ধরে নিয়ে নির্যাতন চালাচ্ছে পুলিশ: রিজভী
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১১-০৬ ১৩:১৭:৪৭
নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশি নির্যাতনের অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পুলিশ দিনে-রাতে যেকোনো সময় নেতাকর্মীদেরকে ধরতে বাড়িতে বাড়িতে হানা দিচ্ছে। টার্গেট করা ব্যক্তিকে বাসায় না পেয়ে তাদের পিতা, ভাই কিংবা অন্য সদস্যদেরকে অন্যায়ভাবে আটক করে নিয়ে যাচ্ছে। আটক নেতাকর্মী কিংবা তাদের আত্মীয়-স্বজনদেরকে থানায় নিয়ে গিয়ে অবর্ণনীয় নির্যাতন করা হচ্ছে।
তিনি বলেন, বিএনপিকে নিশ্চিহ্ন করার স্বপ্ন দুঃস্বপ্নই রয়ে যাবে। জনগণকে সঙ্গে নিয়ে বর্তমান অবৈধ শাসকগোষ্ঠীর পতন ঘটাতে বিএনপি দৃঢ়প্রতিজ্ঞ।
সোমবার (৬ নভেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন এর স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, বিএনপিসহ বিরোধীদলের নেতাকর্মী এবং সাধারণ জনগণ এখন ৭১ সালের দুর্বিষহ দিনগুলোর চেয়েও চরম সংকটকাল অতিক্রম করছে। সেই সময় দেশের মানুষ যেমন হানাদার বাহিনীর ভয়ে দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে পালিয়ে বেড়াত, স্বাধীনতার অর্ধ শতাব্দী কাল পরেও তেমনিভাবে এদেশের মানুষ এখন আওয়ামী স্বৈরশাসকের আইন-শৃঙ্খলা বাহিনীর ভয়ে পালিয়ে বেড়াচ্ছে।
বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অবিলম্বে শামসুজ্জামান দুদুর নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














