ঢাকায় আ.লীগের নির্বাচনী জনসভা ১ জানুয়ারি
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১২-২২ ১৬:৪৪:৫৮
দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে আগামী ১ জানুয়ারি (সোমবার) রাজধানীতে জনসভা করবে আওয়ামী লীগ।
শুক্রবার (২২ ডিসেম্বর) আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এ তথ্য জানান।
তিনি বলেন, রাজধানীর মোহাম্মদপুরে শারীরিক চর্চা কেন্দ্র মাঠে ১ জানুয়ারি বিকেল ৩টায় এ জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
এর আগে, গত ২০ ডিসেম্বর সিলেটে হযরত শাহজালাল ও শাহ পরানের মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু হয় আওয়ামী লীগ। এরপর ২১ ডিসেম্বর বিকেলে রংপুর বিভাগের পঞ্চগড় ও লালমনিরহাট, রাজশাহী বিভাগের নাটোর ও পাবনা এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়িতে ভার্চুয়ালি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন শেখ হাসিনা।
উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ছিল ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তির সময় ছিল ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দের সময় ছিল ১৮ ডিসেম্বর পর্যন্ত।
ইতোমধ্যে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। ভোটগ্রহণ ২০২৪ সালের ৭ জানুয়ারি।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














