কলাবাগান মাঠের জনসভায় যোগ দিচ্ছেন আ.লীগের নেতাকর্মীরা
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০১-০১ ১৫:৫৫:০৮
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীর কলাবাগান মাঠে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের নির্বাচনি জনসভায় আসছেন দলটির নেতাকর্মীরা। আজ সোমবার (১ জানুয়ারি) বেলা ২টায় শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে আসেন তারা, এখনও আসছেন অনেকে। এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (৩০ ডিসেম্বর) ২০ শর্তে আওয়ামী লীগকে ঢাকায় নির্বাচনি জনসভা করার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ নির্বাচনি জনসভায় সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা আজ দুপুরের আগ থেকেই মিছিল নিয়ে জনসভাস্থলে আসতে থাকেন। ঢাকার থানা, ওয়ার্ড, ইউনিয়ন, ইউনিটের নেতারা আলাদা মিছিল নিয়ে আসছেন। ঢাকার দুই সিটির কাউন্সিলররাও লোকজন নিয়ে জনসভায় আসেন। মিছিলে ঢাকঢোল পেটানোর পাশাপাশি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু‘, ‘শেখ হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন’সহ নানান নির্বাচনি স্লোগান দিচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এছাড়াও ঢাকার বিভিন্ন সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরাও এসেছেন সদলবলে। এ সময় তাদের অনুসারীদের নানা ধরনের স্লোগান দিতে দেখা যায়।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














