ড. ইউনূসের সাজা হওয়ায় জামায়াতের উদ্বেগ
প্রকাশ: ২০২৪-০১-০২ ১৮:৫৬:১৭
নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে কারাদণ্ড দেওয়ায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২ জানুয়ারি) জামায়াতের পক্ষে গণমাধ্যমে বিবৃতি পাঠান দলের ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।
বিবৃতিতে মুজিবুর রহমান বলেন, ড. মুহাম্মদ ইউনূস একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশের জন্য সম্মান বয়ে এনেছেন। তাঁর বিরুদ্ধে সরকার পরিকল্পিতভাবে মামলা দায়ের করেছে। সরকারের প্রধান ব্যক্তি থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা বিভিন্ন সময়ে যে বক্তব্য প্রদান করেছেন, বিশেষ করে প্রধানমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধনকালে ড. মুহাম্মদ ইউনূসকে টুস করে পানিতে ফেলে দেওয়ার যে আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন, তাতে প্রতীয়মান হয়, ড. মুহাম্মদ ইউনূস সরকারের প্রতিহিংসার শিকার হয়েছেন।
মুজিবুর রহমান আরো বলেন, বাংলাদেশের আদালতগুলোতে গত কয়েক মাস যাবৎ রাজনৈতিক নেতাদের দোষী সাব্যস্ত করে রায় প্রদান করা হচ্ছে। আদালতের ফরমায়েসি রায়ে দেশবাসীর মনে ব্যাপক প্রশ্নের সৃষ্টি হয়েছে। ড. ইউনূসও তার ব্যতিক্রম নন। সরকার দেশের জনপ্রিয় ব্যক্তিদের ষড়যন্ত্রমূলক মামলায় জড়িয়ে দেশকে নেতৃত্বশূন্য করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই পরিকল্পনার অংশ হিসেবেই জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল জনাব আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া হয়। বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন ও জনপ্রিয় আলেমে দ্বিন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড দিয়ে জেলে রাখা হয় এবং চিকিৎসায় অবহেলার কারণে তাঁর মৃত্যু হয়।
বিবৃতিতে বলা হয়, ড. মুহাম্মদ ইউনূস আন্তর্জাতিক অঙ্গনে একজন সমাদৃত ব্যক্তি। তিনিও মামলা এবং হয়রানির শিকার হয়েছেন। আমরা অবিলম্বে তাঁর বিরুদ্ধে হয়রানি বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














