জাতির উদ্দেশে শেখ হাসিনার ভাষণ সন্ধ্যায়
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০১-০৪ ১০:০৫:০২
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে বিকালে নারায়ণগঞ্জ জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তার।
বুধবার (৩ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে নারায়ণগঞ্জ শহরে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সাজ সাজ রব বিরাজ করছে। চলছে প্রধানমন্ত্রীকে বরণের আয়োজন। সমাবেশস্থলের আশপাশ এলাকা ছেয়ে গেছে ব্যানার-ফেস্টুনে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে শনিবার (৩০ ডিসেম্বর) ফতুল্লায় প্রস্তুতি সভা করেছেন স্থানীয় সংসদ সদস্য ও নৌকার প্রার্থী শামীম ওসমান। ওইদিন সমাবেশে প্রায় আড়াই লাখ লোকের সমাগম হবে বলে জানিয়েছেন তিনি।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, গণসংযোগ থেকে সব শ্রেণিপেশার লোকদের বলে আসছি, আমাদের নেত্রী আসবেন। নারায়ণগঞ্জবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন নেত্রীর ভাষণ শোনার জন্য।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, প্রধানমন্ত্রীর নারায়ণগঞ্জ আসার খবরে আমাদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। এত কঠিন শিডিউলের মধ্যেও উনি নারায়ণগঞ্জে আসছেন। এটা নারায়ণগঞ্জবাসীকে সম্মানিত করেছে, দলের নেতাকর্মীরা উজ্জীবিত হবেন। তিনি বলেন, বিগত সময়ে সারা নারায়ণগঞ্জের এমন কোনো জায়গা নেই যেখানে শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া লাগেনি।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














