নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নজিবুল বশর মাইজভাণ্ডারী
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৪-০১-০৪ ১৫:০৭:২৫
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তরীকত ফেডারেশনের চেয়ারম্যান ও বর্তমান সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
তিনি বলেন, তিনি এ আসন থেকে চার মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং এর মধ্যে তিনটি মেয়াদে নৌকা প্রতীকে নির্বাচিত হন, তাই তিনি মনে করেন, তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে ভোটব্যাংক বিভক্ত হবে যা ‘নৌকা’ প্রতীকের প্রার্থীর বিজয়ে প্রভাব ফেলতে পারে।
তাই নৌকার প্রার্থীর বিজয় নিশ্চিত করতে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, যেহেতু ১৪ দলীয় জোটের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোধ্যেই ফটিকছড়িতে ‘নৌকা’ প্রতীকে তার সমর্থন পুনর্ব্যক্ত করেছেন, তাই তাকে সম্মান করা আমার নৈতিক দায়িত্ব। এমন পরিস্থিতিতে ফটিকছড়িতে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা ঠিক হবে বলে মনে করি না।
তিনি বলেন, ‘এছাড়াও আমি নির্বাচনী মাঠে থাকলে ভোটব্যাংক বিভক্ত হবে বলে মনে করি যা নৌকার প্রার্থীর বিজয়ে প্রভাব ফেলতে পারে।’
তিনি বলেন, ‘সার্বিক পরিস্থিতি বিবেচনায় নেত্রীর প্রতি শ্রদ্ধাশীল থেকে ১৪ দলীয় জোটের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ফটিকছড়ির সার্বিক উন্নয়ন অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করছি।’
তরীকত ফেডারেশনের ভাইস চেয়ারম্যান ও নজিবুল বশর মাইজভাণ্ডারীর ছেলে সৈয়দ তৈয়বুল বশর মাইজভাণ্ডারী বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসন থেকে নজিবুল বশর মাইজভাণ্ডারী সংসদ সদস্য নির্বাচিত হন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














