ভোটারদের নিরাপত্তায় কী ব্যবস্থা, জানতে চেয়েছেন ওআইসির প্রতিনিধিরা
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০১-০৫ ১৯:১২:৪৩
দ্বাদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে ও ভোটারদের নিরাপত্তায় কমিশন (ইসি) কী ব্যবস্থা নিয়েছে তা জানতে চেয়েছে মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসির প্রতিনিধিরা।
শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় ইসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে ওআইসির তিন সদস্যের প্রতিনিধি দল।
বৈঠক শেষে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব ধরনের সহায়তা দেয়ার কথা জানান ওআইসি প্রতিনিধি দলের সদস্যরা।
এ বিষয়ে ব্রিফিংয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, ভোট দেয়া নিয়ে ভোটারদের মধ্যে শঙ্কা কীভাবে দূর করেছি ও তাদের নিরাপত্তায় কী ব্যবস্থা নেয়া হয়েছে সে বিষয়ে প্রতিনিধি দলের সদস্যরা জানতে চেয়েছেন। আমরা বলেছি আইনশৃঙ্খলা পরিস্থিতি বা কেন্দ্রে যাওয়া নিয়ে ভোটারদের মধ্যে কোনো শঙ্কা নেই।
বৈঠকে ওআইসির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংস্থাটির সেক্রেটারি জেনারেল ফর পলিটিক্যালের অ্যাসিসট্যান্ট সেক্রেটারি ইউসুফ মোহাম্মদ আল দুবাই, সংস্থাটির হেড অব ইলেকশন ইউনিটের শাকির মাহমুদ বান্ডার ও ক্যাবিনেট অব সেক্রেটারি জেনারেল আদমউ মোহাম্মাদ।
ইসির পক্ষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান, অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, জনসংযোগ কর্মকর্তা শরিফুল আলমসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
এরআগে, সকালে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করেন ওআইসির প্রতিনিধি দলের সদস্যরা। রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বৈঠকে ওআইসির পক্ষে নেতৃত্ব দেন ইউসুফ মোহাম্মদ আল দুবাই। বৈঠকে আওয়ামী লীগের পক্ষে নেতৃত্ব দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এছাড়া কমনওয়েলথের ছয় সদস্যের একটি দলের সঙ্গে বৈঠক করে ইসি। নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষে সচিব মো. জাহাংগীর আলম, অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, জনসংযোগ কর্মকর্তা শরিফুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
পরে এ বিষয়ে এক ব্রিফিংয়ে অতিরিক্ত সচিব অশোক কুমার বলেন, কমনওয়েলথের প্রতিনিধি দল নির্বাচনের সামগ্রিক বিষয়ে জানতে চেয়েছে, আমরা ব্রিফ করেছি। তারা আমাদের ভোট আয়োজনে সন্তুষ্ট।
তিনি আরও বলেন, কীভাবে নির্বাচন করছি, কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করছি কিনা এসব নিয়ে তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। নির্বাচনের অগ্রগতিসহ সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে। আমাদের প্রস্তুতিতে নিয়ে তারা সন্তুষ্টি জানিয়েছে।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














