অতিরিক্ত মদপান: ৫ জনের মৃত্যু

প্রকাশ: ২০১৬-০৭-১৯ ১৯:৩৯:২১


রাজশাহীরাজশাহীর চারঘাটে অতিরিক্ত মদপানে পাঁচজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার পুলিশ একাডেমির সুইপার কলোনিতে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চারঘাট উপজেলার সারদা পুলিশ একাডেমির সুইপার কলোনির জহর লাল (৫৫), গোধুনী রানী (৭০), অনিল (৫৫), গোর শহরপুরের মাহাতাব উদ্দিন (৫৫) ও মুক্তারপুরের হেলাল উদ্দিন (৫৬)।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এনামুল হক জানান, ময়নাতদন্তে প্রাথমিকভাবে নিহতদের শরীরে অতিরিক্ত অ্যালকোহলের উপস্থিতি পাওয়া গেছে।

নিহতদের মধ্যে অনিলের মরদেহ রামেক হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আর মাহাতাব উদ্দিনের মরদেহ দাফন করা হয়েছে এবং অন্যদের মরদেহ নিজ বাড়িতে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে চারঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ জানান, অতিরিক্ত মদপানের কারণে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সানবিডি/ঢাকা/আহো