স্ত্রীর চিকিৎসা করাতে নবজাতক বিক্রি!

প্রকাশ: ২০১৬-০৭-২০ ২১:৫২:০৪


নবজাতকজামালপুরের সরিষাবাড়ীতে স্ত্রীর চিকিৎসা খরচ মেটাতে গিয়ে স্বামীর বিরুদ্ধে জমজ নবজাতক কন্যা সন্তান বিক্রি করায় অভিযোগ উঠেছে।

বুধবার সরিষাবাড়ী থানায় স্বামীর বিরুদ্ধে স্ত্রী বাদী হয়ে অভিযোগ দায়ের করেছে।

মামলা সূত্রে জানাযায়, সরিষাবাড়ী পৌরসভার চাদ শিমলা এলাকার মৃত জালাল উদ্দিনের মেয়ে চম্পা খাতুন (২২) এর সাথে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চর মালি পাড়া গ্রামের শুক্কুর আলীর ছেলে মুকুল মিয়ার সাথে বিয়ে হয়। দীর্ঘ দিন পর গত ২২-৫-২০১৬ ইং তারিখে চাদ শিমলায় গ্রামে চম্পার পিতার বাড়ীতে জমজ কন্যা সন্তান জন্ম দেয়। পরিবারের সদস্যরা শিশু দুটির নাম রাখে মীম ও জীম।

সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর চম্পা অসুস্থ হয়ে পড়লে তাকে সরিষাবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ১৫ দিনের চিকিৎসা বাবদ খরচের টাকা না থাকায় চম্পার স্বামী মুকুল মিয়া গত ২০ জুন ২৮ দিনের কন্যা সন্তান জীমকে চুরি করে নিয়ে পৌরসভার মুলবাড়ী (বেপারী পাড়া) এলাকার ফজল মিয়ার ছেলে নাঈমের নিকট ৩ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেয়।

আবার গত ২২ জুন চম্পার স্বামী মুকুল মিয়া তার শাশুডী মোছাঃ ফজিলা বেগমের নিকট থেকে এক মাসের অপর কন্যা শিশু মীমকে তার মাকে দেখানোর নাম করে পালিয়ে যায়।

বিষয়টি চম্পার শশুর শুক্কুর আলীসহ বাড়ীর সবাইকে জানালে তার পরিবারের লোকজন চম্পার মেয়ে কে বিক্রি করে দিয়েছে বলে জানায়। আবার নাঈমের বাড়ীতে গিয়েও অপর কন্যা (জীম)কেও খুজে পায়নি চম্পা। উভয় শিশুকে বিক্রি করে দিয়েছে বলে স্থানীয় লোকজন চম্পাকে জানায়।

এদিকে চম্পার নিকট থেকে জোর করে সাদা কাগজে টিপসহি নেয় বলে অভিযোগে জানাগেছে। জমজ শিশু মীম ও জীমকে হারিয়ে পাগল প্রায় চম্পা খাতুন সন্তানদের উদ্ধারের জন্য স্বামী মুকুল মিয়া ও নাঈমের বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে জানতে চাইলে সরিষাবাড়ী থানার অফিসার ইনচাজ মোঃ বিল্লাল উদ্দিন জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

সানবিডি/ঢাকা/আহো