জঙ্গি আখ্যা দিয়ে ইমামকে তুলে নিয়ে চাঁদা দাবি

প্রকাশ: ২০১৬-০৭-২৭ ১৫:৩৫:৩৪


magura_20343_1469609528মাগুরায় জঙ্গি আখ্যা দিয়ে বেল্লাল হোসেন নামে মসজিদের ইমামকে অপহরণ করে চাঁদা দাবির অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া উদ্ধার করা হয়েছে ওই ইমামকে।

মঙ্গলবার রাতে মাগুরা সদর উপজেলার কাটাখালী এলাকায় এ ঘটনা ঘটে।

শালিখা থানার ওসি রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, অপহরণের শিকার বেল্লাল হোসেন যশোরের বাঘার পাড়া উপজেলার উত্তর শ্রীরামপুর জামে মসজিদের ইমাম। তিনি মাগুরা সদর উপজেলার কাটাখালী এলাকায় তার বোনের বাড়িতে বেড়াতে এসে অপহরণের শিকার হন।

ওসি বলেন, মাগুরা সদর উপজেলার ছয়চার গ্রামের জনি (২২) উজ্জলসহ (২৩) ৪-৫ যুবক ওই ইমামকে জঙ্গি আখ্যা দিয়ে ধরে নিয়ে যায়। এরপর মোবাইল ফোনে পরিবারের কাছে ৫০ হাজার টাকা দাবি করে।

অপহৃত ইমামের স্বজনরা শালিখা থানায় রাতেই ঘটনাটি জানায়। এরপর মাগুরা সিনিয়র সহকারি পুলিশ সুপার সুদর্শন কুমার রায়ের নেতৃত্বে অপহরণকারীদেরকে টাকা দেয়ার কথা বলে কাটাখালী এলাকার একটি মাঠে তাদের অবস্থানে অভিযান চালায়।

সেখান থেকে রাতেই অপহৃত ইমামকে উদ্ধার করা হয় এবং জনি (২২) নামে এক অপহরণকারীকে আটক করা হয়। এসময় অন্য অপহরণকারীরা পালিয়ে যায়।

এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পালিয়ে যাওয়া অপহরণকারীদের ধরার চেষ্টা চলছে বলে জানান ওসি।