শিকলবন্দি অবস্থায় শ্রমিক উদ্ধার, ভাটা মালিক গ্রেফতার
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৪-০২-১১ ১৫:০১:০৩
ময়মনসিংহের ইশ্বরগঞ্জে ইটের ভাটায় শিকলবন্দি অবস্থায় এক শ্রমিককে ৪ দিন পর পুলিশ উদ্ধার করেছে। এ ঘটনায় ভাটা মালিকসহ ২ জনকে গ্রেফতার করে শনিবার আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জেলহাজতে প্রেরণ করেছে।
এ ব্যাপারে পুলিশ জানায়, উপজেলার মগটুলা ইউনিয়নের তরফ পাছাইল গ্রামে এজিবি ব্রিকস নামে ইটভাটায় গত ২ মাস ধরে সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার সান্তান গ্রামের আবজাল হোসেনের ছেলে সবুজ আলী (৩৬) কাজ করে আসছিলেন। গত ৫ ফেব্রুয়ারি ওই ভাটার সরদার নাটোর জেলার আনসার আলী ১৭ জন শ্রমিক নিয়ে ইটভাটা মালিকের কাছ থেকে ৩ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।
কিন্তু সবুজ আলী বিষয়টি জানতে না পারায় ভাটা মালিক তাকে পায়ে শিকল দিয়ে বেঁধে রেখে মারধর করে তার বাবার কাছে মোবাইল ফোনে ৩ লাখ টাকা দাবি করে। শুক্রবার রাতে সবুজের বাবা আবজাল হোসেন ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন।পরে পুলিশ তাকে শিকলবন্দি আহতাবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ঈশ্বরগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। এ সময় ইটভাটার মালিক খাইরুল ইসলাম রাসেল (৪২) ও ম্যানেজার আসাদ মিয়াকে (৭০) গ্রেফতার করে।
ঈশ্বরগঞ্জ থানার ওসি তদন্ত ফরিদ আহম্মেদ জানান, আটককৃতদের শনিবার আদালতে সোপর্দ করলে আদালত তাদের জেলহাজতে প্রেরণ করেছে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













