মালিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে পড়ে নিহত ৩১
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৪-০২-২৮ ০৯:৫১:৩২
পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সেতু থেকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস উল্টে নদীতে পড়ে ৩১ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ১০ জন।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির স্থানীয় সময় মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) একটি বাস লিয়ান শহর কেনিয়েবা থেকে প্রতিবেশী বুরকিনা ফাসো যাওয়ার পথে বাগোই নদী পার হওয়ার সময় সেতু থেকে উল্টে যায়। এতে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ‘চালকের গাড়ি নিয়ন্ত্রণে ব্যর্থতা’ এই দুর্ঘটনার সম্ভাব্য কারণ বলে মনে করা হচ্ছে।
মালির পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, কেনিয়েবা থেকে বুরকিনা ফাসোর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি বাস সেতু থেকে ছিটকে পড়ে। সম্ভাব্য কারণ হিসেবে মনে করা হচ্ছে, চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন।
এতে আরও বলা হয়েছে, নিহতদের মধ্যে মালিয়ান এবং পশ্চিম আফ্রিকার অন্যান্য দেশের নাগরিকও রয়েছেন।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














