ইসরায়েলকে সমর্থন করা বন্ধ করব না: বাইডেন
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৪-০৩-১০ ১৬:২৪:৩৬
ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র সরবরাহ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, কোনোভাবেই আমি ইসরায়েলকে সমর্থন করা বন্ধ করব না। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা এখনও ঝুঁকিপূর্ণ। তাই ইসরায়েলকে রক্ষায় অস্ত্র সরবরাহসহ সকল সহায়তা করব আমরা।
স্থানীয় সময় শনিবার (৯ মার্চ) এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট হামাসকে দমন করার জন্য ইসরায়েলি কর্মকাণ্ডের প্রতি সমর্থন প্রকাশ করেন। পাশাপাশি নেতানিয়াহুর গৃহীত পদক্ষেপের ফলে নিরপরাধ মানুষের মৃত্যুর ব্যাপারে আরও সাবধান হওয়ার আহ্বান জানান তিনি।
বাইডেন গাজায় এত মৃত্যুর সমালোচনা করে বলেছেন, ইসরায়েল চরম ভুল করছে। গাজার রাফাহ শহরে ইসরায়েলের সম্ভাব্য আগ্রাসন তার জন্য চূড়ান্ত সতর্ক রেখা। রাফাহতে ১৩ লাখেরও বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে তার যুদ্ধপদ্ধতিতে ইসরায়েলকে সাহায্য করার চেয়ে ক্ষতি বেশি করছেন বলেও মন্তব্য করেন বাইডেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৩০ হাজার ৯৬০ ফিলিস্তিনি নিহত এবং ৭২,৫২৪ জন আহত হয়েছেন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














