নির্ধারিত মূল্যের চেয়ে কমেও পণ্য বিক্রি করছেন ব্যবসায়ীরা: বাণিজ্য প্রতিমন্ত্রী

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৩-১৯ ১৮:০৯:১৬


বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, আমরা সারাদেশে যে মূল্য নির্ধারণ করে দিয়েছি সে অনুযায়ী বাজারের ব্যবসায়ীরা বিক্রি করছে, কয়েকটা জায়গায় কম মূল্যেও বিক্রি করা হচ্ছে। চিনি ১৪৫ টাকার জায়গায় ১৩৮ টাকাও বিক্রি করছে। তেলও আমরা ১৬৩ টাকা নির্ধারণ করে দিয়েছি কিন্তু খুচরা তারা ১৫৮ টাকা বিক্রি করছে।

তিনি বলেন, রমজান মাস উপলক্ষে সব কিছুর ঘাটতি থাকার কথা থাকলেও এখন কিন্তু বাজারে কোনো ঘাটতি নাই। রমজানে বাজারে পর্যাপ্ত পরিমাণে পণ্যের সরবরাহ রয়েছে। লেবুসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস সব কিছুই বাজারে পর্যাপ্ত পরিমাণে রয়েছে। লোকাল প্রশাসক যথাযথভাবে বাজার নিয়ন্ত্রণ করতে পেরেছে। আমাদের কাজ হলো সাশ্রয়ী মূল্যে সাধারণ মানুষকে নিত্যপ্রয়োজনীয় জিনিসের সরবারহ নিশ্চিত করা।

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে টাঙ্গাইল শহরের পার্ক বাজারে বাজার মনিটরিংয়ে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ সব কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী।

এ সময় বাণিজ্য প্রতিমন্ত্রী আরও বলেন, উৎপাদক থেকে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের জন্য অ্যাপস দেওয়া হচ্ছে। কোনো মধ্যস্বত্বভোগী রাখা হবে না, যাতে করে সাধারণ ক্রেতারা হয়রানি না হয়। কে মাল হুলসেল করলো আর কে কিনলো, এ জন্য অ্যাপস দেওয়া হবে শিগগিরই।

এর আগে সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার সার্বিক উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

জেলা প্রশাসক কায়ছারুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন্নাহার চাপা, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক, সংসদ সদস্য লতিফ সিদ্দিকী, সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, সংসদ সদস্য আমানুর রহমান খান রানা, সংসদ সদস্য খান আহমেদ শুভ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

এ সময় জেলার বিভিন্ন উপজেলার চেয়ারম্যানবৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, পৌর মেয়রবৃন্দ ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এম জি