পোশাক শিল্পের নিরাপত্তায় আজ রাতেই যৌথ অভিযান: বিজিএমইএ সভাপতি

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৯-০২ ১৮:২৪:৫৪


পোশাক শিল্পের নিরাপত্তায় সাভার, আশুলিয়া, গাজীপুরে আজ সোমবার (২ সেপ্টেম্বর) রাতেই সেনাবাহিনী, শিল্প পুলিশের যৌথ অভিযান পরিচালনা করবে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি খন্দকার রফিকুল ইসলাম।

সোমবার (২ সেপ্টেম্বর) অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান বিজিএমইএ সভাপতি।

তিনি বলেন, পোশাক শিল্পের নিরাপত্তায় সাভার, আশুলিয়া, গাজীপুরে আজ সোমবার (২ সেপ্টেম্বর) রাতেই সেনাবাহিনী, শিল্প পুলিশের যৌথ অভিযান পরিচালনা করবে। প্রয়োজনে পরবর্তীতে যৌথ অভিযানে যোগ দেবে র‌্যাব ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রফিকুল ইসলাম বলেন, কারখানাগুলোয় যাতে করে শ্রম অসন্তোষের মতো পরিস্থিতির সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। যারা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে চায় তারা কেউ পোশাক শ্রমিক না। প্রয়োজনে পরিস্থিতি বিবেচনায় নিয়ে আলোচনা করে কারখানা বন্ধের সিদ্ধান্ত নেয়া হবে।

এদিকে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে আরেক বৈঠক শেষে বাংলাদেশ লেবার ফেডারেশেন সাধারণ সম্পাদক শাকিল আক্তার চৌধুরী বলেন, কারখানার ক্ষতি করে কোনো আন্দোলন করা যাবে না।

এএ