রিমান্ড শেষে কারাগারে রাশেদ খান মেনন
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৯-২৫ ১৫:৫৮:২১
রাজধানীর শাহবাগ থানায় করা হত্যা মামলায় বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্ল্যাহর আদালত এ আদেশ দেন।
এদিন রাশেদ খান মেননকে তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার উপ-পরিদর্শক মাইনুল ইসলাম খান পুলক। পরে শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে ৬ বছর আগে করা একটি হত্যাচেষ্টার মামলায় গত ১৭ সেপ্টেম্বর রাশেদ খান মেননের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।
মামলার নথি অনুযায়ী, ২০১৮ সালের ১৫ ডিসেম্বর রাজধানীর সেগুনবাগিচা এলাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নির্বাচনী প্রচারে হামলা চালানো হয়। ওই ঘটনায় মির্জা আব্বাসের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নেয়া ইমাম হোসেন ইমনসহ অনেকে গুরুতর আহত হন।
ওই ঘটনায় গত ২৭ আগস্ট বিএনপি নেতা ইমাম হোসেন ইমন বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি করেন। মামলায় রাশেদ খান মেননকে হুকুমের আসামি করা হয়।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













