বসবাসযোগ্য উত্তরা প্রতিষ্ঠায় এবি পার্টির ৫ দফা প্রস্তাবনা
সানবিডি২৪ আপডেট: ২০২৪-১০-০২ ১৬:১৩:৫৯
নিরাপদ-সুশৃঙ্খল ও বসবাসযোগ্য উত্তরা প্রতিষ্ঠার লক্ষ্যে ৫ দফা প্রস্তাবনা দিয়ে মানববন্ধন করেছে আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি ঢাকা মহানগর উত্তর শাখা।
বুধবার (২ অক্টোবর) উত্তরা হাউজ বিল্ডিং মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এবি পার্টি ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সেলিম খানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কমিটির সহকারী সদস্য সচিব ও এবি পার্টি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মোঃ আলতাফ হোসাইন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মহানগর উত্তরের যুগ্ম সদস্য সচিব আব্দুর রব জামিল, নজরুল ইসলাম বাবু, গাজী সাবের, সহকারী সদস্য সচিব হাসান মাহমুদ শাহীন, কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক, জেসমিন আক্তার মুক্তা, যুব পার্টি মহানগর উত্তরের যুগ্ম সদস্য সচিব নাসির উদ্দিন গালিব, উত্তরের সদস্য সরোয়ার শোভন, মাহমুদ নাসের ও ইঞ্জিনিয়ার জাবেদ কায়সার সজীব।
আলতাফ হোসাইন তার বক্তব্যে বলেন, উত্তরা রাজধানীর অন্যতম প্রবেশদ্বার ও অভিজাত এলাকা। মেডিকেল কলেজসহ দেশের স্বনামধন্য কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এখানে। রাজধানীর গুরুত্বপূর্ণ এই এলাকা মানুষ বৃদ্ধির সাথে সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এছাড়া অনুন্নত সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা, যানজটসহ নানা সমস্যায় উত্তরায় জনভোগান্তি দিন দিন বাড়ছে।
এসময় তিনি উত্তরাবাসীর নিরাপদ ও ঝুঁকিহীন বসবাস নিশ্চিত করতে এবি পার্টির পক্ষ থেকে ৫ দফা প্রস্তাবনা উত্থাপন করেন।
প্রস্তাবনা গুলো হলো-
১. ২০২৪ এর ফ্যাসীবাদ বিরোধী আন্দোলনে উত্তরা এলাকায় নিহত সকল শহীদদের চূড়ান্ত তালিকা দ্রুত প্রকাশ করা এবং অবিলম্বে শহীদদের স্মরণে উত্তরা পূর্ব থানার গেট সংলগ্ন স্থানে শহীদ স্মৃতিস্তম্ভ তৈরি করা।
২. সকল প্রকার চাঁদাবাজি বন্ধ করুন, সরকার কর্তৃক নির্ধারিত ইজারার মাধ্যমে আন্তঃজেলা বাসটার্মিনাল, পাইকারী আড়ৎ ও দর্শনীয় স্থান নিয়ন্ত্রণ করা। যাত্রীদের হয়রানি বন্ধ করা, যাত্রী সেবায় প্রত্যেক বাস কাউন্টারে পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেওয়া।
৩. প্রতিদিন নির্দিষ্ট সময়ের মধ্যে বর্জ্য নিষ্কাশন কার্যক্রম শেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন উত্তরা নিশ্চিত করা।
৪. সকল প্রকার সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করা, প্রতিটি থানায় স্পেশাল হেল্পলাইন নাম্বার চালু করা এবং ভুক্তভোগীর তড়িৎ সহায়তা নিশ্চিত করা।
৫. ফুটপাত দখলমুক্ত করে পথচারীর পথ পরিষ্কার রাখা, হকারদের পুনর্বাসন করা। যানবাহন নিয়ন্ত্রণ ও অবৈধ পার্কিং মুক্ত করে আধুনিক ট্রাফিক ব্যবস্থা চালু করা।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর উত্তরের যুগ্ম সদস্য সচিব সুমাইয়া শারমিন ফারহানা, সদস্য কামরুল হাসান, সামিউল ইসলাম সবুজ, মোঃ ফয়সাল, তাসলিমা আক্তার রেবা, ফাতেমা সুলতানা জেরিন, আঃ রহিম হাওলাদার, যুব পার্টি মহানগর উত্তরের সদস্য ইসরাত জাহান লিজা ও আফরোজ জাহান পিংকি প্রমুখ।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














