দীপ্ত টিভির কর্মী খুন: রাসেল ৪ দিনের রিমান্ডে
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-১০-১২ ১৭:৫১:২৬
রাজধানীর রামপুরায় ফ্ল্যাটের মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে বেসরকারি চ্যানেল দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিম খুনের ঘটনায় নতুন করে গ্রেফতার মো. রাসেলকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (১২ অক্টোবর) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে রাসেলকে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) গোলাম আজম।
এসময় মামলার সুষ্ঠু তদন্ত, পলাতক আসামিদের গ্রেফতার ও চোরাই মাল উদ্ধারের স্বার্থে আসামিকে ৭ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মো. রুহুল কবির খান গণমাধ্যমকে জানান, ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে রাসেলকে শনাক্ত করা হয়। তিনি সরাসরি হত্যাকাণ্ডে অংশ নিয়েছেন।
এর আগে একই মামলায় গ্রেফতার ৫ আসামি মো. আব্দুল লতিফ, মো. কুরবান আলী, মাহিন ওরফে মাহিম, মোজাম্মেল হক কবির ও মো. বাঁধনকে জিজ্ঞেসাবাদের জন্য চার দিন করে রিমান্ডের আদেশ দেন আদালত।
ডেভেলপার কোম্পানির সঙ্গে দ্বন্দ্বের জেরে বাসায় ঢুকে দীপ্ত টিভির সম্প্রচার বিভাগের কর্মী তানজিল জাহান ইসলাম তামিমকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে রাজধানীর হাতিরঝিলের মহানগর প্রজেক্টে তার বাসায় এ ঘটনা ঘটে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














