প্রতিবাদে ১৭ টি হলে প্রদীপ প্রজ্জ্বালন
প্রকাশ: ২০১৬-১০-২৭ ১১:০৫:৪৩
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপুর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের ১৭টি আবাসিক হলে একযোগে প্রদীপ প্রজ্জ্বালন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ কর্মসূচি পালন করা হয়। প্রদীপ প্রজ্জ্বালন শেষে এক মিনিট নীরবতা পালন এবং সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে প্রদীপ প্রজ্জ্বালন শেষে সংক্ষিপ্ত সমাবেশে হলের আবাসিক শিক্ষার্থী প্রদীপ সরকার বলেন, ‘আমরা শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লিপু নয়, দেশের সকল হত্যাকা-ের বিচারের দাবি নিয়ে এসেছি। যাতে আর কোনও ভাই, বোন, সহপাঠীকে হারাতে না হয়।’
মন্নুজান হলের আবাসিক শিক্ষার্থী রাইসা জান্নাত বলেন, ‘বিচার না হওয়ায় এ ধরনের হত্যাকা-ের ঘটনা দিন দিন বেড়ে চলেছে। এভাবে চলতে থাকলে শুধু লিপুর মা নয়, আমাদের সকলের মা-বাবাকে যেকোনো তার স্বপ্ন বিসর্জন দিতে হতে পারে। আমরা লিপুর হত্যাকারীদের খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
মাদার বখ্শ হলের শিক্ষার্থী আলী ইউনূস হৃদয় বলেন, ‘ আজ শুধু লিপু হত্যার প্রতিবাদের জন্য আমরা এখানে দাঁড়াইনি। আজ আমরা প্রত্যেকে আমাদের নিজেদের বাঁচার অধিকারটুকু পাবার জন্য এখানে দাঁড়িয়েছি। আমরা চাই আর কোনো সহপাঠী যেন তার সহপাঠীকে না হারায়। আমরা যারা এখনো এই আন্দোলনে আসছি না তারা প্রত্যেকেই লিপুর মতো মৃত্যুকে আলিঙ্গন করার জন্য অপেক্ষা করছি।’
গত ২০ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে নবাব আব্দুল লতিফ হল থেকে লিপুর লাশ উদ্ধার করে পুলিশ। ওইদিন লিপুর চাচা মো. বশীর বাদী হয়ে নগরীর মতিহার থানায় হত্যা মামলা দায়ের করেন। এঘটনায় আজ বুধবার লিপুর রুমমেট মনিরুল ইসলামের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সানবিডি/ঢাকা/হৃদয়/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














