সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের পিস্তল উদ্ধার
সানবিডি২৪ আপডেট: ২০২৪-১১-০৬ ১৫:০৩:০৯
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের লাইসেন্সকৃত পিস্তল রাজধানীর মনিপুরী এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেছে তেজগাঁও থানা পুলিশ।
বুধবার (৬ নভেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান। যদিও এ বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
এর আগে সোমবার (৪ নভেম্বর) সাবেক এ স্বরাষ্ট্রমন্ত্রীর ৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করেন আদালত। এতে ১২ কোটি ১১ লাখ ৯৪ হাজার ১৮০ টাকা স্থিতি থাকার তথ্য রয়েছে।
গত ১ সেপ্টেম্বর আসাদুজ্জামান খান কামাল ও তার স্ত্রী লুৎফুল তাহমিনা খানসহ পরিবারের সদস্যসহ ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর গ্রেফতার হন আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা। তবে অধিকাংশই গা ঢাকা দিয়েছেন। অনেকেই দেশের বাইরে পালিয়ে গেছেন। এর মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














