এএসপি আলেপ উদ্দিন ২ দিনের রিমান্ডে
সানবিডি২৪ আপডেট: ২০২৪-১১-১৪ ১৬:৩৩:৫৪
ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় গ্রেফতার বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আলেপ উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য তার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মো. শরীফুর রহমান এ আদেশ দেন।
এদিন যাত্রাবাড়ী থানার পুলিশ আলেপ উদ্দিনের পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। পরে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আলেপের পরিবারের অভিযোগ, পুলিশের বরিশাল রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয় থেকে মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে আলেপ উদ্দিনকে তুলে নেয়া হয়। এর পর থেকে আর তার খোঁজ পাননি তারা।
জানা গেছে, আলেপ উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য প্রথমে ঢাকায় আনা হয়। পরে বিগত সরকারের হয়ে বিভিন্ন অপকর্মের তথ্য মিললে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
আলেপ উদ্দিন পুলিশের ৩১তম বিসিএস কর্মকর্তা। ছাত্র-জনতার আন্দোলনের সময় তিনি পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত ছিলেন বলে জানিয়েছে তার পরিবার।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














