বগুড়ায় সাড়ে ৫০০ বস্তা নকল সার উপকরণ জব্দ, গ্রেফতার ২
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৪-১১-১৭ ১১:২৮:৪৮
বগুড়ার একটি সার কারখানায় বস্তায় বস্তায় পাথর, মাটি ও সিমেন্ট রাখা। যা দিয়ে নকল টিএসপি সার ও কীটনাশক তৈরি করা হতো। নামি-দামি ব্র্যান্ডের মোড়কে ছড়িয়ে দেওয়া হতো বাজারে।
জাতীয় গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে, শনিবার (১৬ নভেম্বর) রাতে বগুড়া পৌরশহরের গোদরপাড়ার নামহীন একটি কারখানায় সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
এ সময় ১৫০ বস্তা নকল টিএসপি সার, প্রায় ৪০০ বস্তা ভেজাল উপকরণসহ অন্তত ১৭টি কীটনাশক ব্র্যান্ডের নকল মোড়ক জব্দ করা হয়।
অভিযান টের পেয়ে কারখানার মালিক গৌতম ও সুলতান পালিয়ে গেলেও আটক করা হয় দুই শ্রমিককে।
এ বিষয়ে বগুড়া জেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা কে এম মনছুর রহমান বলেন, এখানে যে উপকরণগুলো পাওয়া গেছে, এগুলো হচ্ছে মাটি, চুন ও সিমেন্ট। ফসলের উপকারী কোনো উপকরণ এখানে নেই। এসব নকল সার ও কীটনাশক ব্যবহারে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন।
বগুড়া জেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদমান আকিফ বলেন, অভিযান শেষে নকল সার ও কীটনাশক কারখানাটি সিলগালা করা হয়। কারখানা মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ভেজালবিরোধী অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













