বাজুস ফেয়ার শুরু ৬ ফেব্রুয়ারি
আপডেট: ২০২৪-১২-১৭ ১৯:৩৯:৩৯
দেশের জুয়েলারি শিল্পের সবচেয়ে বড় আয়োজন বাজুস ফেয়ার-২০২৫ আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) চতুর্থবারের মতো এই মেলা আয়োজন করতে যাচ্ছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে বাজুস। এবারের বাজুস ফেয়ারে ৫০টি জুয়েলারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।
রাজধানীর ৩০০ ফিটে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে ৩ দিনের এই মেলা ৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে বাজুস ফেয়ার।
বাজুস ফেয়ার-২০২৫ এ প্রবেশের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। তবে পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের প্রবেশে কোনো টিকিট লাগবে না।
বাজুসের আশা, বাজুস ফেয়ার-২০২৫ এর মাধ্যমে দেশের ১৮ কোটি মানুষ জুয়েলারি শিল্পের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে অবগত হবেন। পাশাপাশি দেশের স্বর্ণ শিল্পীদের তৈরি আধুনিক ডিজাইনের অলংকারের পরিচিতি আন্তর্জাতিক বাজারে আরও প্রসার লাভ করবে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














