গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে আজও শ্রমিকদের বিক্ষোভ
সানবিডি২৪ আপডেট: ২০২৫-০১-০৬ ১৩:৩৯:৫১
পোশাক শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আজ সোমবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে আটটা থেকে গাজীপুর মহানগরীর জিরানী এলাকায় আইরিশ ফ্যাশন লিমিটেড নামের একটি পোশাক তৈরির কারখানার শ্রমিকরা চন্দ্রা-নবীনগর সড়কে অবস্থান নিয়ে প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন। এতে ওই সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।
এ বিষয়ে শিল্প পুলিশ ও শ্রমিকরা জানান, সরকার ঘোষিত ৯ ভাগ বাৎসরিক বেতন বৃদ্ধিতে বলা আছে, যাদের এক বছর পূর্ণ হয়নি তাদের বেতন বৃদ্ধি করা হবে না। কিন্তু জিরানী এলাকার আইরিশ ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকরা গতকাল রোববার সকাল থেকে বেতন বৃদ্ধির দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করেন। দুপুর পর্যন্ত আন্দোলন করে শ্রমিকরা বাড়ি ফিরে যান। সোমবার সকালে কারখানায় হাজিরা দিয়ে ফের বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে শ্রমিকরা চন্দ্রা-নবীনগর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন। পরে শ্রমিকরা সরে গেলে সকাল সাড়ে ৯টা থেকে ওই সড়কে ফের যানবাহন চলাচল স্বাভাবিক হয়। তবে শ্রমিকরা কারখানার ভেতরে বিক্ষোভ অব্যাহত রেখেছেন।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. খলিলুর রহমান বলেন, শ্রমিকরা কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করেছিলেন। তবে এখন চন্দ্রা-নবীনগর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













