খুলনায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০১-২০ ১৯:১৯:৪৩
খুলনায় খোলা বাজারে চাল (ওএমএস) বিক্রির লাইনে দাঁড়ানো নিয়ে কথা কাটাকাটির জেরে মানিক হাওলাদার নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
সোমবার (২০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে নগরীর ৫নং ঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মানিক হাওলাদার খুলনা নগরীর ২১নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি। তিনি পুরাতন রেলস্টেশন এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। তার বাবার নাম নূর মোহাম্মদ।
ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক রুবেল জমাদ্দার বলেন, মানিকের মা অসুস্থ, তিনি শয্যাশায়ী। ওএমএসের লাইনে মানিককে একটু আগে চাল দেয়ার অনুরোধ করলে পেছনে দাঁড়ানো কয়েকজনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা মানিককে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে মারা যান।
এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস আল মামুন বলেন, ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে হেফাজতে নেয়া হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













