ময়মনসিংহে সড়কে মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০১-৩১ ১৫:৪৩:২৭
ময়মনসিংহের দিগারকান্দা বাইপাস মোড় এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (৩১ জানুয়ারি) বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নগরীর মাসকান্দা এলাকার বাবুল মিয়ার ছেলে আবির হোসেন (২৩) ও পুরোহিতপাড়ার ইউসুফ আলীর ছেলে মেহেদী হাসান (২০)। সম্পর্কে তারা বন্ধু ছিলেন।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুই বন্ধু আবির ও মেহেদী শহর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক বাইপাস মোড় এলাকার দীঘারকান্দায় যাওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
ওসি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে নিয়ে আসে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ তুলে দেওয়া হবে। অটোরিকশাচালক পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













