ইসি গঠন: বঙ্গভবনে এরশাদের জাপা

প্রকাশ: ২০১৬-১২-২০ ১৬:৪৪:০১


national_party_ershadনির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপে অংশ নিতে বঙ্গভবনে গেছেন সংসদে বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) প্রতিনিধি দল। আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের নেতৃত্বে ১৮ সদস্যের প্রতিনিধিদল বঙ্গভবনে প্রবেশ করে।

জাপার প্রতিনিধি দলের অপর সদস্যরা হলেন সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, সভাপতিমন্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন বাবলু, আবদুস সাত্তার, সৈয়দ আবু হোসেন, সালমা ইসলাম, এস এম ফয়সাল চিশতী প্রমুখ।

জানা গেছে, দলটি সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন, কমিশন গঠনে আইন করা, নিজস্ব বাজেট ঘোষণার ক্ষমতাসম্পন্ন স্বাধীন নির্বাচন কমিশন সচিবালয় গঠন ও নির্বাচন পদ্ধতির পরিবর্তন করার প্রস্তাব দিতে পারে। এ ছাড়া বাছাই কমিটি ও নির্বাচন কমিশনারের নামও প্রস্তাব করার চিন্তা আছে দলটির।

জাপার সূত্র জানায়, জাতীয় পার্টি এর আগে নির্বাচন কমিশন গঠন নিয়ে যে প্রস্তাব দিয়েছিল, সেটি আরও কিছু সংযোজন-বিয়োজন করে লিখিত আকারে রাষ্ট্রপতির কাছে দেওয়া হবে।

নির্বাচন কমিশন গঠন নিয়ে গত রোববার থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। প্রথম দিন সংলাপে অংশ নেয় বিএনপি। দ্বিতীয় দল হিসেবে আজ বিকেল তিনটায় সংলাপে গেল এইচ এম এরশাদের জাতীয় পার্টি। কাল বুধবার এলডিপি ও কৃষক শ্রমিক জনতা লীগ ও ২২ ডিসেম্বর জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদকে সংলাপে ডাকা হয়েছে।