বেক্সিমকোর সুকুকসহ ৬ বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সানবিডি২৪ আপডেট: ২০২৫-০২-১১ ২০:৩০:৫১


অনিয়ম, কারসাজি ও দুর্নীতির বিষয়ে অনুসন্ধান ও তদন্তের জন্য বিএসইসি কর্তৃক গঠিত ‘অনুসন্ধান ও তদন্ত কমিটি’ ৬টি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। এর আগে গত বছরের ১৭ সেপ্টেম্বর পুঁজিবাজারের বেক্সিমকোর সুকুকসহ ১২ টি বিষয়ে তদন্তের নির্দেশ দেয় বিএসইসি। এর মধ্যে ৬টি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে ৫ সদস্যের অনুসন্ধান ও তদন্ত কমিটি।
মঙ্গলবার বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

যেসব বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা হয়েছে সেগুলো হল: ১) বেক্সিমকো গ্রীন-সুকুক আল ইসতিসনা ইস্যু সংক্রান্ত যাবতীয় বিষয় অনুসন্ধান ও তদন্ত; ২) আইএফআইসি গ্যারান্টিড শ্রীপুর টাউনশিপ গ্রিন জিরো কুপন বন্ড ইস্যু সংক্রান্ত যাবতীয় বিষয়াদি অনুসন্ধান ও তদন্ত; ৩) বেস্ট হোল্ডিংস লিমিটেড সংক্রান্ত আইপিও (IPO) অনুমোদন ও ইস্যু সংক্রান্ত যাবতীয় বিষয়াদি অনুসন্ধান ও তদন্ত; ৪) আল-আমিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ সংক্রান্ত পুঁজিবাজারের যাবতীয় অনিয়ম ও কারসাজি, ব্লক মার্কেটে শেয়ার অধিগ্রহণ সংক্রান্ত কারসাজি এবং ওটিসি থেকে এসএমই প্ল্যাটফর্মে স্থানান্তরের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক আরোপিত শর্তসমূহ পরিপালনের হালনাগাদ তথ্যাদিসহ যাবতীয় বিষয়ে অনুসন্ধান ও তদন্ত; ৫) ফরচুন সুজ লিমিটেড সংক্রান্ত পুঁজিবাজারের যাবতীয় অনিয়ম ও কারসাজি, বিনিয়োগকারীদের মধ্যে লভ্যাংশ বিতরণ সংক্রান্ত অনিয়ম এবং কোম্পানিটির শেয়ার মূল্য বৃদ্ধির সাথে জড়িত ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানসমূহের বিরুদ্ধে অনুসন্ধান ও তদন্ত; ৬) কোয়েস্ট বিডিসি লিমিটেড (পূর্বে পদ্মা প্রিন্টার্স অ্যান্ড কালারস লিমিটেড) সংক্রান্ত পুঁজিবাজারের যাবতীয় অনিয়ম ও কারসাজির বিষয়ে অনুসন্ধান ও তদন্ত।

‘অনুসন্ধান ও তদন্ত কমিটি’র প্রতিবেদনসমূহের বিষয়ে প্রয়োজনীয় এনফোর্সমেন্ট কার্যক্রম চলমান আছে বলে জানিয়েছে বিএসইসি।