‘মিয়ানমারে মুসলিম হত্যাযজ্ঞ চলছে অথচ জাতিসংঘ, ওআইসি কথা বলছে না’
প্রকাশ: ২০১৬-১২-২৫ ১৭:১২:৩২
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে সারাবিশ্বেই মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। নির্যাতন করা হচ্ছে। এক জোট হয়ে শান্তির ধর্ম ইসলাম ধ্বংস করার চক্রান্ত চলছে। আমাদেরকে প্রমাণ করতে হবে মুসলমানরা বিশৃঙ্খলা চায় না, তারা শান্তি চায়। আমরা শান্তির পক্ষে, বিশ্বশান্তির পক্ষে। মিয়ানমারে মুসলিম হত্যাযজ্ঞ চলছে অথচ জাতিসংঘ, ওআইসি কোন কথা বলছে না। অন্য ধর্মের মানুষ এভাবে নির্যাতনের শিকার হলে তোলপাড় করে ফেলতো।রবিবার রাজধানীর কাজী বশির মিলনায়তনে (মাহনগর নাট্যমঞ্চ) খেলাফত মজলিসের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেন্দ্রীয় সাধারণ পরিষদের নবম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আজকের পত্রিকায় দেখলাম রাজধানীর আশকোনায় জঙ্গি হামলায় চার বছরের ছোট্ট একটি শিশু ক্ষত বিক্ষত হয়ে হাসপাতালের বেডে শুয়ে আছে। তা দেখে আমার অন্তর আত্মা শুকিয়ে গেছে। একটা চার বছরের শিশু গ্রেনেড দ্বারা ক্ষত বিক্ষত হয়ে হাসপাতালের বেডে পড়ে আছে। কেন জঙ্গি আক্রমণ। তার মা জঙ্গি, বাবা জঙ্গি, জানি না সত্য কি। এক নির্মম পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই নির্মমতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।
নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, বারবার বলার পরও আওয়ামী লীগ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে চায় না। কারণ, তারা জানে, নিরপেক্ষ নির্বাচন হলে তারা পরাজিত হবে।
মির্জা ফখরুল আরো বলেন, আওয়ামী লীগ সরকার জোর করে ক্ষমতায় বসে আছে। এ সরকারের হাত থেকে দেশকে রক্ষায় ২০ দলীয় জোট গঠন করা হয়েছে।
তিনি বলেন,অন্যের তাবেদার সরকার গভীর এক সঙ্কটে দেশকে ফেলেছে। এখন সত্যিকার অর্থেই গণতন্ত্র নাই। দেশের রাজনীতি এখন গভীর সংকটে। শুধু রাজনীতিই নয় অর্থনীতি, পররাষ্ট্রনীতি এখন গভীর সঙ্কটে রয়েছে। আওয়ামী লীগ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে জনগণের ওপর স্টিম রোলার চালাচ্ছে।
মির্জা ফখরুল ইসলাম বলেন, আজকে গোটা রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়েছে। সম্পূর্ণ সুচিন্তিত ও পরিকল্পিতভাবে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিণত করতে এই অনৈতিক সরকার এই সমস্ত কাজ করে যাচ্ছে।
এই সরকারের হাতে কোন মানুষ নিরাপদ নয় জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘এই সরকারের আমলে সবখানে নৈরাজ্য চলছে। হিন্দুদের মন্দির ভেঙে দিচ্ছে, বৌদ্ধদের উপাসনালয় ভেঙে দিচ্ছে। সাঁওতালদের বাড়ি থেকে উচ্ছেদ করা হচ্ছে।’






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













