রিহ্যাব মেলায় গৃহঋণ, সঙ্গে ছাড়
প্রকাশ: ২০১৬-১২-২৫ ১৭:৪১:০৬
রিহ্যাবের শীতকালীন আবাসন মেলায় অংশ নেওয়া ১০ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভিন্ন আবাসন প্রতিষ্ঠানের ফ্ল্যাট কেনার ক্ষেত্রে গ্রাহকদের ঋণ দিচ্ছে। মেলা উপলক্ষে এ ঋণে রয়েছে বিশেষ ছাড়ও।
আজ রোববার মেলার শেষ দিন। বড়দিন উপলক্ষে সরকারি ছুটি থাকায় এদিন সকাল থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পদচারণায় মুখর হয়ে উঠে মেলা প্রাঙ্গণ। গত বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৫ দিনব্যাপী এ মেলার আয়োজন করে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।
অন্যদিকে আইপিডিসি দিচ্ছে জায়গার মূল্যের উপর সর্বোচ্চ ৭০ শতাংশ ঋণ। প্রতিষ্ঠানটির কর্মকর্তা শায়রুল এলিস বলেন, আমরা গ্রাহকদের নির্দিষ্ট কোনো ঋণসীমা বেঁধে দেই না। জায়গার মূল্যের উপর ভিত্তি করে এই ঋণ সুবিধা দেওয়া হয়।মেলায় কথা হয় লংকাবাংলা ফাইন্যান্সের কর্মকর্তা শামীম রহমানের সঙ্গে। তিনি অর্থসূচককে বলেন, আমরা গ্রাহকদের সর্বোচ্চ ১০ কোটি টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিয়ে থাকি। এসব ঋণের সুদ হার ১০ শতাংশ।
ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা আরিফুর রহমান বলেন, মেলায় সাড়ে ৮ শতাংশ হারে সুদে আমরা গ্রাহকদের ঋণ দিচ্ছি। এছাড়া মেলার বাইরেও আমরা গ্রাহকদের ঋণ সুবিধা দিয়ে থাকি।
এবারের মেলায় অংশ নেওয়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো হচ্ছে ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, দ্য সিটি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং ডেলটা ব্র্যাক হাউজিং, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড, আইডিএলসি, লংকা-বাংলা ফাইন্যান্স ও ন্যাশনাল হাউজিং।
দ্য সিটি ব্যাংক ৮ দশমিক ৭৫ শতাংশ সুদে ১ কোটি ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে। তাদের ঋণ পেতে চাকরিজীবীদের ন্যূনতম মাসিক আয় ৩০ হাজার ও ব্যবসায়ীদের ৪০ হাজার টাকা হতে হবে।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক মেলায় ৯ শতাংশ সুদে গৃহঋণ দিচ্ছে। ঋণ প্রক্রিয়াকরণ ফিতে ৫০ শতাংশ ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক মেলা উপলক্ষে ৮ দশমিক ৫০ শতাংশ হারে গৃহঋণ দিচ্ছে। মেলায় ঋণ প্রক্রিয়া শুরু করলে এই সুদহারের সুবিধা ২০১৭ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত দিচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।
মেলায় আয়োজক কর্তৃপক্ষ জানান, সাধ ও সাধ্যের ঘাটতি থাকায় অনেক সময় গ্রাহকরা স্বপ্নের নীড় কিনতে পারেন না। এ জন্য ঋণ সুবিধা দেয় বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান।
“চাকরিজীবী ও ব্যবসায়ী দুই পেশার লোকই ঋণ পাওয়ার যোগ্যতা রাখেন। এক্ষেত্রে গ্রাহক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করলে তারা বিবেচনা করে ঋণ সুবিধা দিবেন।”
এর জন্য প্রয়োজন ব্যাংকের সাথে গ্রাহকের লেনদেনের ও বন্ধকী রাখার সম্পতির তথ্য। আর্থিক প্রতিষ্ঠানগুলো গ্রাহকের সামর্থ্যের উপর ভিত্তি করে বিভিন্ন মেয়াদে ঋণ সুবিধা দিয়ে থাকেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














