আশকোনায় আটক দুই নারী জঙ্গির ৭ দিনের রিমান্ড
প্রকাশ: ২০১৬-১২-২৬ ১৮:২৬:২৫
রাজধানীর দক্ষিণখানের আশকোনায় জঙ্গি আস্তানা থেকে আটক নব্য জেএমবির দুই নারী সদস্য জেবুন্নাহার শীলা ও তৃষ্ণার ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। জেবুন্নাহার শীলা নিহত নব্য জেএমবি’র নেতা সাবেক মেজর জাহিদুল ইসলামের স্ত্রী এবং তৃষ্ণা পলাতক জঙ্গি নেতা মাইনুল ইসলাম মুসার স্ত্রী।
সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের পরিদর্শক সাইদুর রহমান দু’জনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মুখ্য মহানগর হাকিম মেহের নিগার সূচনা তাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, শনিবার রাজধানীর পূর্ব আশকোনার জঙ্গি আস্তানায় পুলিশি অভিযানের সময় আত্মঘাতী গ্রেনেড বিস্ফোরণ ও গুলিতে দু’জন নিহত হয়। শুক্রবার রাত ১২টা থেকে শনিবার বিকাল ৫টা পর্যন্ত ১৭ ঘণ্টার এ অভিযানে দুই শিশু সন্তানসহ দুই নারী আত্মসমর্পণ করেন। তারা হচ্ছেন- সেনাবাহিনী থেকে বরখাস্ত হওয়া মেজর জাহিদ ওরফে মুরাদের স্ত্রী জেবুন্নাহার শিলা ও তার সন্তান। অন্যজন হচ্ছেন, জঙ্গি মুসার স্ত্রী তৃষ্ণা ও তার সন্তান।
এদিকে অভিযানের সময় আত্মঘাতি হামলায় জঙ্গি সুমন ওরফে ইকবালের স্ত্রী শাকিলা (৩০) ও আজিমপুরে অভিযানের সময় নিহত জঙ্গি তানভীর কাদেরীর ছেলে রাশেদ কাদেরী (১৪) গোলাগুলিতে নিহত হয়।
এছাড়া গ্রেনেড বিস্ফোরণে গুরুতর আহতাবস্থায় আস্তানার ভেতর থেকে উদ্ধার করা হয়েছে সাবিনা নামের ৪ বছরের এক শিশুকে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














