চরফ্যাশনে মাহে রমজানের পবিত্রতা রক্ষায় জামায়াতের মিছিল
প্রতিনিধি আপডেট: ২০২৫-০২-২৮ ১৯:৪৩:০৪
মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার খাসমহল জামে মসজিদের সামনে থেকে মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে সদর রোডে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়। মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করে।
পথসভায় উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর অধ্যক্ষ মীর মো: শরীফ হোসাইনের সভাপতিত্বে ও পৌর আমীর অধ্যাপক মামুন আলমের সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনে জামায়াতে ইসলামী’র এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন ভোলা জেলা জামায়াতে ইসলামী’র সেক্রেটারী কাজী মাওলানা হারুন অর রশিদ প্রমুখ।
পথসভায় মাওলানা মোস্তফা কামাল বলেন, মাহে রমজানের পবিত্রতা রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। রমজানে দিনের বেলা চরফ্যাশনের সকল হোটেল, রেস্তোরাঁ বন্ধ রাখতে হবে। সমাজে অশ্লীলতা বন্ধ করতে হবে। কোনো ব্যবসায়ী এমন কোনো কাজ করবেন না, যেটি মুসলমানদের ইমান আকিদার বিরুদ্ধে যায়।
তিনি আরও বলেন, অসাধু ব্যবসায়ীরা মাহে রমজান আসলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেয়। এ সময় তিনি সকল সিন্ডিকেট ভেঙ্গে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহবান জানান।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













