টিসিবির জন্য ১৭৮ কোটি টাকার রাইস ব্রাণ তেল কিনবে সরকার

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৩-১৮ ১৪:০১:৫৩


ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১৭৮ কোটি টাকা ব্যয়ে এক কোটি ১০ লাখ লিটার রাইস ব্রাণ তেল কিনবে সরকার।

মঙ্গলবার (১৮ মার্চ) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এসব প্রস্তাবের অনুমোদন দেয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের জন্য এক কোটি ১০ লাখ লিটার পরিশোধিত রাইস ব্রাণ তেল ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ১৭৮ কোটি ৭৫ লাখ টাকা। প্রতি লিটারের দাম পড়বে ১৬২ টাকা ৫০ পয়সা।

সুপারিশকৃত দরদাতা প্রতিষ্ঠান হলো- গ্রিন অয়েল অ্যান্ড পোল্ট্রি ফিড ইন্ডাস্ট্রিজ, মজুমদার প্রোডাক্টস লিমিটেড এবং মজুমদার ব্রান অয়েল মিলস লিমিটেড। এরমধ্যে গ্রিন অয়েল অ্যান্ড পোল্ট্রি ফিড ইন্ডাস্ট্রিজের কাছ থেকে ২০ লাখ লিটার, মজুমদার প্রোডাক্টস লিমিটেডের কাছ থেকে ৪৫ লাখ লিটার ও মজুমদার ব্রাণ অয়েল মিলস লিমিটেডের কাছ থেকে ৪৫ লাখ লিটার রাইস ব্রান তেল কেনা হবে।

ক্রয় সম্পন্ন করার পর টিসিবির ফ্যামিলি কার্ডধারী পরিবারের কাছে ভর্তুকি মূল্যে এসব রাইস ব্রাণ তেল বিক্রি করা হবে।

সভায় তেল ছাড়াও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), মসুর ডাল ও চাল আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

বিএইচ