বদরের চেতনা ও আত্মত্যাগ থেকে আমাদের শিক্ষা নিতে হবে: শিবির সভাপতি

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৩-১৮ ১৭:৪৫:২৯


বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, বদরের যুদ্ধ শুধু একটি সামরিক বিজয় ছিল না, এটি ছিল ঈমান, ত্যাগ ও আল্লাহর ওপর পূর্ণ আস্থার এক অনন্য পরীক্ষা। মাত্র ৩১৩ জন সাহাবির বিপরীতে হাজারো অস্ত্রসজ্জিত কুরাইশ বাহিনীর বিরুদ্ধে এই যুদ্ধ সংঘটিত হয়। কিন্তু আল্লাহর ওপর ভরসা, প্রিয়নবীর (সা.) অনুপ্রেরণা ও দ্বীনের জন্য সর্বোচ্চ আত্মত্যাগ বদরের ময়দানে বিজয় এনে দিয়েছিল। আজকের সময়েও আমাদের সেই চেতনা ও আত্মত্যাগ থেকে শিক্ষা নিতে হবে।

মঙ্গলবার (১৮ মার্চ) ১৭ রমজান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে ‘বদর দিবসের গুরুত্ব ও আমাদের জন্য শিক্ষণীয় দিক’ শীর্ষক বিশেষ সেমিনারের তিনি এসব কথা বলেন।

সেমিনারে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব মঞ্জুরুল ইসলাম। তিনি বলেন, বদর ছিল ইসলামের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ, যা ইসলামের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। এই যুদ্ধ আমাদের শেখায় কীভাবে ঈমান, একতা ও আল্লাহর ওপর নির্ভরশীলতা আমাদের যেকোনো কঠিন পরিস্থিতি মোকাবিলায় শক্তি দিতে পারে।

প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ড. আব্দুল মান্নান। তিনি বদরের শিক্ষাকে বর্তমান প্রেক্ষাপটে তুলে ধরে বলেন, বর্তমান সময়ে মুসলিম উম্মাহর চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের বদরের সাহাবিদের মতো সাহসী, আত্মনিবেদিত ও আদর্শবান হতে হবে। সমাজে ন্যায়বিচার ও ইসলামের শাশ্বত আদর্শ প্রতিষ্ঠায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হেলাল উদ্দিন, এবং সঞ্চালনা করেন মহানগর দক্ষিণ শাখার সেক্রেটারি দেলোয়ার হোসাইন। সেমিনারে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে বদরের বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

এম জি