সংস্কার প্রস্তাবনা জমা দিলো নেজামে ইসলাম পার্টি
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৩-২৪ ১৫:১৭:০০
সংস্কার প্রস্তাব নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে মতামত জমা দিয়েছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। সোমবার (২৩ মার্চ) শেরেবাংলা নগরে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে দলটির সংগঠন সচিব মাওলানা আবু তাহের খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদারের কাছে সংস্কার প্রস্তাব নিয়ে নিজেদের মতামত জামা দেয়।
সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়। গত ১৫ ফেব্রুয়ারি থেকে এই কমিশনের কার্যক্রম শুরু হয়।
প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রতিবেদনে উল্লেখিত গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ওপর রাজনৈতিক দলের সুনির্দিষ্ট মতামত গত ১৩ মার্চের মধ্যে জানাতে অনুরোধ করে সুপারিশগুলোর স্প্রেডশিট আকারে ৩৮টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়। এ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সহ ২১টি রাজনৈতিক দলের কাছ থেকে সংস্কার বিষয়ে মতামত পেয়েছে কমিশন।
এদিকে সংস্কার কমিশনগুলোর করা সুপারিশ চূড়ান্ত করতে গত ২০ মার্চ থেকে আনুষ্ঠানিক সংলাপ শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। ইতোমধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), খেলাফত মজলিস, বাংলাদেশ লেবার পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সঙ্গে আলোচনা করেছে কমিশন। এছাড়া আসন্ন ঈদুল ফিতরের পর পর্যায়ক্রমে বাকি দলগুলোর সঙ্গে আলোচনার কথা রয়েছে৷
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














