চীনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শুক্রবার 

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৩-২৫ ১৬:৪৬:০৯


চীন সরকারের আমন্ত্রণে চারদিনের সফরে আগামীকাল বুধবার চীনে যাবেন প্রধান উপদেষ্টা। শুক্রবার (২৮ মার্চ) সকালে দেশটির প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের দ্বি-পাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৫ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার চীন সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম।

মূলত এ সফরে অর্থনৈতিক ব্যাপার সবচেয়ে বেশি গুরুত্ব পাবে, এছাড়াও কয়েকটি এমওই হওয়ার সম্ভাবনা আছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, চীনের ব্যবসায়ী মহলের সঙ্গেও প্রধান উপদেষ্টার বৈঠক আছে।

এ সময় প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে দেওয়া ভাষণ নিয়ে তিনি বলেন, তার ভাষণে মূলত স্বাধীনতা দিবস ও ঈদের শুভেচ্ছা ও সরকারের কার্যক্রম তুলে ধরবেন প্রধান উপদেষ্টা।

শফিকুল আলম বলেন, ভার‍ত-চীন সবাই আমাদের বন্ধু। ভারতের সঙ্গে আমাদের খুবই ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে৷

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।

বিএইচ